ওঙ্কার ডেস্ক: প্রয়াগরাজের কুম্ভমেলাই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাঁর চোখের চাহুনী নজর কেড়েছিল সকলের। রুদ্রাক্ষ বিক্রি করতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় নজরে এসেছিল ইন্দোরের তরুণী মোনালিসা ভোঁসলে। সেই ভাইরাল ভিডিওই তাঁকে দিয়েছিল বিশাল পরিচিতি। কিন্তু সেই জনপ্রিয়তাই যেন আজ তাঁর ব্যক্তিগত জীবনে নতুন জটিলতার জন্ম দিয়েছে। নিজের প্রেমিক ফারমান খানের সঙ্গে তাঁর বর্তমানে ঠিকানা কেরলে। পরিবারের তরফে প্রাণনাশের হুমকিও পাচ্ছেন বলে অভিযোগ তুলে তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় গিয়ে পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন মোনালিসা।
পুলিশ সূত্রে খবর, মোনালিসার সঙ্গে ফেসবুকের মাধ্যমেই পরিচিয় হয় প্রেমিকের। প্রায় দেড় বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু এই সম্পর্ক কোনওভাবেই মেনে নিতে চাননি মোনালিসার পরিবারের সদস্যরা। অভিযোগ, এই সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই মনালিসা ও ফারমানের উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল এবং তাঁদের হুমকিও পর্যন্ত দেওয়া হচ্ছিল। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে শেষমেশ ভবিষ্যৎ রক্ষা করতে কেরলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দুজনে। প্রসঙ্গত, মোনালিসা কেরলে গিয়েছিলেন তাঁর প্রথম ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর শুটিং করতে। পরিচালক সানোজ মিশ্রের এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাওয়ের ভাই অমিত রাও। শুটিং চলাকালীনই মোনালিসার সঙ্গে তাঁর বাবার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখে তিনি ফারমানকে সঙ্গে নিয়ে ট্রেনে করে তিরুবনন্তপুরমে পৌঁছন এবং সোজা পুলিশের দ্বারস্থ হন।
পুলিশকে মোনালিসা স্পষ্ট জানিয়েছেন, তিনি ফারমানের সঙ্গেই থাকতে চান। যদিও বাবার বিরুদ্ধে তিনি কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। পুলিশ ইতিমধ্যে এই দম্পতির বয়ান রেকর্ড করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে। উল্লেখ্য, প্রয়াগরাজের কুম্ভমেলায় রুদ্রাক্ষ বিক্রি করার সময় মনালিসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল। সেই ভিডিওর পরই তিনি রাতারাতি ভাইরাল হয়েছিল সে। সেই জনপ্রিয়তাই অভিনয়ের জগতের দরজা খুলে দিয়েছিল তাঁকে। তবে বর্তমানে তাঁর জীবনের এই টালমাটাল পরিস্থিতি কোন দিকে যায় সেই নিয়ে চিন্তিত মোনালিসা।
