ওঙ্কার ডেস্ক: মদ খাওয়ার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল। কিন্তু তা না দেওয়ায় ৫৫ বছর বয়সী পৌঢ়াকে পিটিয়ে খুন করে দিল গুণধর ছেলে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অক্ষয়। আর নিহত বৃদ্ধার নাম আশা দেবী (৫৫)। শনিবার গভীর রাতে নগর কোতোয়ালি থানা এলাকার নির্ভয়পুরম কলোনিতে এই ঘটনা ঘটেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, অক্ষয় তার মায়ের কাছে মদ কেনার জন্য টাকা চেয়েছিল। যখন আশা দেবী তাকে বলে যে তার কাছে টাকা নেই, তখন সে দাবি করে, গয়না বিক্রি করে টাকা দিতে হবে। যার ফলে সে মদ কিনতে পারে। পুলিশ আধিকারিক মুনীশ চাঁদ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মা ও ছেলের মধ্যে বচসা তৈরি হয়। তার মাঝে অক্ষয় তার মাকে মারধর করে এবং তার মাথা বেশ কয়েকবার দেওয়ালে ঠুকে দেয়। এর পর আশা দেবী গুরুতর ভাবে জখম হন এবং পড়ে যান।
ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আহত পৌঢ়াকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক কালে বিয়ে হয়েছে অক্ষয়ের। বিহারে বিয়ে করার পর ১৫ দিন আগে সাহারানপুরে ফিরে এসেছে। দুই দিন আগে তার স্ত্রী তার বাপের বাড়িতে চলে যায়। এর ফলে হতাশাগ্রস্ত ছিল অভিযুক্ত। গোটা ঘটনায় বিশদে আরও তদন্ত চলছে বলে জানান পুলিশ আধিকারিক।
