ওঙ্কার ডেস্ক: আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর রাজস্থানের যোধপুরে আয়োজিত হতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সমন্বয় বৈঠক। সেই বৈঠকে থাকার কথা রয়েছে সরসঙ্ঘচালক মোহন ভগবতের। সূত্রের খবর, সেই বৈঠকে বাঙালি শ্রমিকদের হেনস্থা নিয়ে আলোচনা হতে পারে।
রাজস্থানের সেই বৈঠকের আগে ভিন রাজ্যে বাঙালি নির্যাতন নিয়ে বিজেপিকে বার্তা দিয়েছে সঙ্ঘ পরিবার। আরএসএস নেতৃত্বের স্পষ্ট বার্তা বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই সুবিধা করে দিচ্ছে। উল্লেখ্য, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নিপীড়ন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়টিকে সামনে রেখে রাস্তায় নেমে আন্দোলন করছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় বাঙালি হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বেশি সরব। বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে পদ্ম শিবিরের নেতৃত্বকে বার্তা দিয়েছেন সঙ্ঘ নেতৃত্ব। সূত্রের খবর, আরএসএস শীর্ষ নেতৃত্ব ভাষা নিয়ে কোনও বিরোধ সমর্থন করে না। সকলে মিলেমিশে থাকাকেই তারা সমর্থন করে।
দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ঘটনাকে গুরুত্ব দিচ্ছে সঙ্ঘ পরিবার। বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে আরএসএস নেতৃত্ব কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর সঙ্গে আলোচনাও করেছেন শীর্ষ নেতৃত্ব। সঙ্ঘের তরফে জানানো হয়েছে, বাংলা ভাষায় কথা বলার কারণে কোনও বৈধ ভারতীয়কে শত্রু মনে করা উচিত নয়।
