ওঙ্কার ডেস্ক: সম্প্রতি পাইলসের অস্ত্রোপচার হয়েছে তাঁর। আর সে কারণে বিশ্রাম দরকার। কিন্তু চিকিৎসা সংক্রান্ত এই ছুটি না দেওয়ায় নিজের সমস্যা দেখাতে উর্ধ্বতন আধিকারিকের সামনে প্যান্ট খুলে বিক্ষোভ করলেন লোকো পাইলট! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউ ডিভিশনে।
জানা গিয়েছে, ওই কর্মীর নাম রাজেশ মীনা। ইতিমধ্যে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে রাজেশ চিফ ক্রু কন্ট্রোলার রতন কুমারের সামনে ওষুধ, ব্যান্ডেজ এবং মেডিকেল রিপোর্ট খুলে দেখাচ্ছেন। কিন্তু বস ছুটি মঞ্জুর না করায় হতাশা প্রকাশ করেন তিনি। অমানবিক আচরণের অভিযোগ তুলে রাজেশ বলেন, ‘যদি আপনি ক্ষতস্থান দেখতে চান, তাহলে আমি তা দেখাব।’ জানা গিয়েছে, রাজেশ দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যায় ভুগছিলেন। ইন্দোরে চিকিৎসা করানোর পর সমাধান না হওয়ায় ২২ ফেব্রুয়ারি লখনউতে অস্ত্রোপচার করান তিনি। কিন্তু ছুটি বাড়ানোর আর্জি প্রত্যাখ্যান করায় তিনি প্রতিবাদ দেখান।
এরপর লোকো পাইলট এক ইউনিয়ন নেতার সঙ্গে যোগাযোগ করেন, তিনি বিভাগের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে কথা বলার পর রাজেশকে বিশ্রামের জন্য ছুটি দেওয়া হয়।
অন্য দিকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রেলের কর্মীরা। অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের মহাসচিব কেসি জেমস বলেন, ‘এটা খুবই লজ্জাজনক যে একজন লোকো পাইলটকে তার সিনিয়র কর্তার সামনে প্যান্ট খুলে দেখাতে হয়। তা সত্ত্বেও তার আর্জি প্রত্যাখ্যান করা হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা দিনরাত কাজ করি মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য যাতে তারা তাদের আত্মীয়স্বজন এবং পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করতে পারে। রেল প্রশাসনের কাছ থেকে কি এই ধরণের আচরণ আশা করা উচিত?’
