ওঙ্কার ডেস্কঃ রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে অভিযোগ জানিয়েছিল আমেরিকা। সে নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। কিন্তু বর্তমানে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি। ইরানের সঙ্গে আমেরিকা ইজরায়েল যুদ্ধে লিপ্ত। যুদ্ধ আবহে ইরান হরমুজ প্রণালী বন্ধ করেছে। ফলে তেল আমদানিতে কোপ পড়েছে। আপাতত ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কিনতে পারবে ভারত, এমনটাই অনুমতি দিয়েছে ট্রাম্প। যুদ্ধের আবহে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা। তার আগেই রুশ তেলবাহী বহু জাহাজ বেরিয়ে পড়েছিল রপ্তানির জন্য। সেই জাহাজের তেলের কোনও ক্রেতা এই মুহূর্তে নেই। ট্রাম্পের বক্তব্য, শুধু মাত্র এইসব জাহাজ থেকেই তেল কিনতে পারবে ভারত।
বৃহস্পতিবার মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, “আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী ভারত। যুদ্ধের আবহে বিশ্বজুড়ে শক্তি সম্পদ চলাচল একেবারে বন্ধ করে দিতে চাইছে ইরান। ৩০ দিনের অস্থায়ী ব্যবস্থায় কিছুটা সমস্যার সমাধান হবে। আন্তর্জাতিক স্তরে পেট্রোপণ্য চলাচলে কোনওরকম বাধা থাকবে না।” রুশ তেল কেনায় ভারতকে সাময়িক ছাড়পত্র দিলেও, ভারত আমেরিকা থেকে তেল কেনার পরিমাণ আরও বাড়াবে বলেই দাবি বেসেন্টের।
ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ক্ষুব্ধ ইরান বিশ্ববাণিজ্যে ধাক্কা দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, হরমুজে জাহাজ দেখলেই জ্বালিয়ে দেওয়া হবে। তারপরই প্রশ্ন ওঠে, তেল আমদানি করতে না পারলে ভারত কার্যত স্তব্ধ হয়ে যাবে। সেসময়েই পুরনো বন্ধু রাশিয়া হাত বাড়ায় ভারতের দিকে। জানা যায়, হরমুজ বন্ধ হয়ে যাওয়ার জেরে ভারতের জলসীমার আশপাশে প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেলবাহী জাহাজ রয়েছে। তবে সেই তেল কিনলে ট্রাম্পের ঘোষণামতো বিরাট শুল্ক চাপবে ভারতের উপর, এমনটাই আশঙ্কা ছিল। আপাতত একমাসের জন্য সেই আশঙ্কা নেই। ট্রাম্পের তরফে ছাড়পত্র পাওয়ার পর আপাতত জাহাজে থাকা রুশ তেল কিনতে পারবে ভারত।
