ওঙ্কার ডেস্ক: সর্ষের মধ্যে ভূত! পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর ল্যান্স নায়েককে গ্রেফতার করল উত্তর প্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড।
রিপোর্ট অনুসারে, ধৃত ব্যক্তির নাম আদর্শ কুমার ওরফে লাকি। ২৪ বছর বয়সী ওই যুবক উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। এক আধিকারিক জানিয়েছেন, ১০ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের পাকিস্তান-ভিত্তিক আইএসআই হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ ছিল এবং ভারতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিল। তিনি আরও বলেন, তদন্ত চলাকালীন সন্দেহভাজনের পরিচয় জানা যায়। আদর্শ কুমার ওরফে লাকি, আগ্রা জেলার কাগারোল থানার চিতাপুর গ্রামের বাসিন্দা বলবীর সিংয়ের ছেলে। তদন্তকারীরা জানিয়েছেন, তিনি নৌবাহিনীতে ল্যান্স নায়েক হিসেবে কর্মরত ছিলেন এবং কোচিতে দক্ষিণ নৌ কমান্ডে নিযুক্ত ছিলেন।
তদন্তে জানা গিয়েছে, আদর্শ একজন আইএসআই এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। অভিযোগ, তিনি বেশ কয়েকবার পাক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আইএসআই হ্যান্ডলারের কাছে টাকা পাঠিয়েছিল অভিযুক্ত। সংবেদনশীল ছবি এবং তথ্যও পাক গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছিল সে। ১০ মার্চ গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন ।আরও কোনও ব্যক্তি জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
