ওঙ্কার ডেস্ক: চলতি বছরে রয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গের জন্য বড় উপহার ঘোষণা কেন্দ্রের মোদী সরকারের। ঝাড়খণ্ড ও বাংলাকে জুড়তে ৪৪৭৪ কোটি টাকার রেল প্রকল্পে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডকে জুড়তে রেল মন্ত্রকের দুটি মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে।
সূত্রের খবর, যে দুটি প্রকল্পে এদিন মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে সেগুলি হল—সাঁইথিয়া-পাকুর এবং সাঁতরাগাছি-খড়গপুরের মধ্যে চতুর্থ রেলপথ নির্মাণ। মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘পূর্ব ভারতে রেল যোগাযোগ এবং সক্ষমতা বৃদ্ধি… এই প্রকল্পগুলি দক্ষতা বৃদ্ধি করবে, যানজট কমাবে এবং রাজ্যগুলির মধ্যে যোগাযোগ জোরদার করবে।’ সূত্রের খবর, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের পাঁচটি জেলা জুড়ে দুটি প্রকল্প ভারতীয় রেলের বর্তমান নেটওয়ার্ককে প্রায় ১৯২ কিলোমিটার বাড়াবে। এই প্রকল্প প্রধানমন্ত্রী মোদীর নতুন ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এটি উন্নয়নের মাধ্যমে, কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্ব-কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে এই অঞ্চলের মানুষকে ‘আত্মনির্ভর’ করে তুলবে। এই উদ্যোগগুলি প্রধানমন্ত্রী-গতি শক্তি জাতীয় মাস্টার প্ল্যানের উপর পরিকল্পনা করা হয়েছে। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রকল্পগুলি মানুষ, পণ্য এবং পরিষেবার চলাচলের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে।’
দেশে রেল নেটওয়ার্কের সম্প্রসারণের বিষয়টি তুলে ধরে সরকারের তরফে বলা হয়েছে, অনুমোদিত মাল্টি-ট্র্যাকিং প্রকল্পটি প্রায় ১৪৭ লক্ষ জনসংখ্যার ৫,৬৫২টি গ্রামের সঙ্গে সংযোগ বৃদ্ধি করবে। এ ছাড়া এই প্রকল্পের ফলে পর্যটন ক্ষেত্রও সুবিধা পাবে। বোলপুর-শান্তিনিকেতন, নন্দীকেশ্বরী মন্দির, তারাপীঠ, পটচিত্র গ্রাম, ধাদিকা বন, ভীমবন্ধ বন্যপ্রাণী অভয়ারণ্য এবং রামেশ্বর কুণ্ড-সহ দেশের বেশ কয়েকটি বিশিষ্ট পর্যটন কেন্দ্রের সঙ্গে রেল সংযোগ উন্নত হবে।
