ওঙ্কার ডেস্ক: গত বছর নভেম্বর মাসে দেশের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডিওয়াই চন্দ্রচূড়। কিন্তু অবসরের পরেও সরকারি বাসভবন দখল করে রাখার অভিযোগ উঠল দেশের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে। ইতিমধ্যে সেই বাংলো খালি করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্র সরকারকে চিঠি লেখা হয়েছে।
উল্লেখ্য, বিচারপতি চন্দ্রচূড় ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ভারতের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অবসর নিয়েছেন প্রায় আট মাস অতিক্রান্ত। অভিযোগ, তার পরেও বর্তমানে ৫ কৃষ্ণ মেনন মার্গে টাইপ ৮ বাংলোতে বসবাস করছেন তিনি। সরকারি নিয়ম অনুসারে, একজন কর্মরত প্রধান বিচারপতি একটি টাইপ ৮ বাংলো পান। অবসর গ্রহণের পরে, তিনি টাইপ ৭ বাংলোতে বিনা ভাড়ায় থাকতে পারেন। যদিও তার সময়সীমা মাত্র ৬ মাস। সুপ্রিম কোর্ট প্রশাসন গত ১ জুলাই কেন্দ্রের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রককে চিঠি লিখে অনুরোধ করেছে, বাংলোটি অবিলম্বে খালি করে আদালতের আবাসন পুলে ফিরিয়ে দেওয়ার জন্য।
চিঠিতে বলা হয়, ‘অনুরোধ করছি কোনও বিলম্ব ছাড়াই ডঃ বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছ থেকে কৃষ্ণ মেনন মর্গ ৫ নম্বর বাংলোর দখল নিন। ২০২৫ সালের ৩১ মে পর্যন্ত বাড়িটি দখলে রাখার যে সময়সীমা ছিল তা শেষ হয়েছে। শুধু তাই নয়, ২০২২ সালের ৩বি বিধির আওতায় ছয় মাসের সময়কালও ১০ মে শেষ হয়ে গেছে।’ যদিও প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়েছেন। তিনি অতিরিক্ত সময় থাকতে চান না। একান্ত পরিস্থিতির কারণে তিনি থাকতে বাধ্য হচ্ছেন। অন্য বাড়ি দেখা চলছে, তা ঠিক হয়ে গেলে তিনি চলে যাবেন বলে জানিয়েছেন।
