ওঙ্কার ডেস্কঃ রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন। তারপর বাংলায় এসে ছিলেন রাজ্যের অতিথি ভবনে। মুখ্যমন্ত্রী প্রাক্তন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার বঙ্গবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়ে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ আমার দ্বিতীয় ঘর। এর সঙ্গে আমি অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকব ও থাকতেই চাই।’ বঙ্গবাসীর মঙ্গলকামনাও করেছেন দেবী দুর্গার কাছে। লিখেছেন, ‘মা দুর্গা আমার প্রিয় মানুষের সকলকে রক্ষা করুন।’
চিঠির শুরুতে বাংলার মানুষকে ভাই ও বোন বলে সম্বোধন করেছেন তিনি। চিঠিতে জানিয়েছেন, ‘আপনারা যে সমর্থন, স্নেহ ও সম্মান আমাকে দিয়েছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। অনেক দশক আগে মহাত্মা গান্ধী বলেছিলেন, “আমি বাংলা ছেড়ে যেতে পারছি না, আর বাংলা আমাকে ছেড়ে যেতে দেবে না।” আমি সেই একই অনুভূতি ভাগ করে নিচ্ছি।’
রাজ্যপাল থাকাকালীন বাংলার বিভিন্ন প্রান্তে মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছেন, তা মনে করে প্রাক্তন রাজ্যপাল জানান, ‘বন্ধুগণ, গত তিন বছরে আমি এই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সুযোগ পেয়েছি। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। আমি গ্রামবাসীদের খড়ের ছাউনি দেওয়া ঘরে বসে তাঁদের সঙ্গে আহার করেছি। তরুণ শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনা করেছি। জ্ঞানী ও প্রাজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছি।’
প্রাক্তন রাজ্যপালের বিশ্বাস, বাংলা আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছবে। তিনি লেখেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের আমার ভাই ও বোনেরা আগামী দিনে আরও মহান উচ্চতায় পৌঁছবেন। আগামী দিনে বঙ্গভূমি আরও গৌরবের শিখরে পৌঁছাক—এই আমার আন্তরিক প্রার্থনা।
