ওঙ্কার ডেস্ক: পিছিয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং? কানাঘুষো চলছিল, ১৬ মার্চ থেকে শুট শুরু হতে পারে এই ছবির। তবে বর্তমানে খবর, চলতি মাস থেকে শুটিং শুরু হচ্ছে না ছবির। সব ঠিক থাকলে এপ্রিলে পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে শুরু করতে পারেন তাঁর আগামী ছবির কাজ। মার্চের মাঝামাঝি শুটিং শুরুর পাশাপাশি শোনা গিয়েছিল, কলকাতার ইডেন গার্ডেন্সে শুট শুরু করবেন পরিচালক। আগাম প্রস্তুতি হিসাবে কলকাতায় আসবেন রাজকুমারও। তাঁকেই সৌরভের ভূমিকায় বড়পর্দায় দেখা যাবে, তা আগেই খোলসা করা হয়েছে টিমের তরফে। দিন কয়েক ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের বাড়িতে থাকবেন রাজকুমার। ‘দাদা’কে স্বচক্ষে দেখবেন কাছ থেকে, তারপর শুটিং’এ মন দেবেন। শোনা যাচ্ছে, রাজকুমার সম্ভবত এখনই কলকাতায় আসছেন না।
সব ঠিক থাকলে এক মাস পরে, এপ্রিলের মাঝামাঝি থেকে ছবির কাজে হাত দিতে পারেন পরিচালক। এবং সেই শুটিং সম্ভবত হবে মুম্বইয়ে। পরে শুটিং হবে কলকাতায়। বর্তমানে এই শুটিং পিছিয়ে যাওয়া নিয়ে নানা জনে জানিয়েছে তাঁদের নানান মত। প্রশ্ন একপ্রকার রয়েই গেল, তাহলে সঠিকভাবে শুটিং শুরু দিনক্ষণ এখনও পর্যন্ত পরিষ্কার নয়, রাজকুমারই কবে কলকাতায় আসবেন তাও জানা যায়নি। বর্তমানে ছবির আশায় অনুরাগী মহল।
