ওঙ্কার ডেস্ক: প্রথম সন্তানের আগমনের জন্য উত্তেজিত রণদীপ হুডা ও লিন লৈশরাম। সদ্যই স্ত্রী লিনের সঙ্গে মাতৃত্বকালীন ফটোশুট সেরেছিলেন অভিনেতা। এর পরেই হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতার পত্নীকে। ১০ মার্চ মা হলেন লিন, নিজেরাই ভাগ করে নিলেন সেই সুখবর।
মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয় লিনকে। বেলা গড়াতেই জানা গেল সুখবর। তারকাদম্পতির কোলে এল কন্যা সন্তান। সমাজমাধ্যমে তাঁদের শুভেচ্ছায় ভরিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মী ও অনুরাগীরা। রণদীপ সমাজমাধ্যমের পাতায় খুশির খবর ভাগ করে লেখেন, ‘‘আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।’’ উল্লেখ্য, ১০ মার্চ রণদীপের শুধু কন্যা সন্তানেরই জন্মদিন তা নয় তাঁর বাবারও একইদিকে জন্মদিন। তাই আবেগঘন রণদীপ তাঁর বাবার কোলে সদ্যোজাত সন্তানের প্রথম ঝলক ভাগ করে ঠাকুরদা-নাতনিকে সমাজমাধ্যমে একসঙ্গে শুভেচ্ছা জানতে দেখা গেল।
যদিও ২০২৫ সালের শুরুর দিকেও এক বার মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন লিন। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। গর্ভপাত হয় তাঁর। এর পরে, বছরের শেষের দিকে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হন লিন এবং তখন তাঁরা সন্তান আগমনের খবর সমাজমাধ্যমে জানান। সন্তানের আগমনের খবর পেতেই রণদীপের সঙ্গে নবজাতকের ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েন নতুন মা লিন। পাশাপাশি, হবু মা-বাবা সন্তানের নাম নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। খবর, বেশ কিছু নাম ইতিমধ্যেই বেছে ফেলেছেন যুগলে, তবে চূড়ান্ত হয়নি কিছুই। বাবা হওয়ায় কাজ থেকে বিরতি নেবেন বলে জানিয়েছেন অভিনেতা। আপাতত এই আনন্দেই মেতে রয়েছেন দম্পতি।
