ওঙ্কার ডেস্ক: বলিউডের শোকের ছায়া, প্রয়াত আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা। ১৯৮০ থেকে ১৯৯০এর দশকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। ‘হিরো’ ছবিতে ‘লম্বি জুদাই’ গানে তাঁর পর্দায় উপস্থিতি বিশেষভাবে জনপ্রিয়তা এনে দিয়েছিলো বলিউড মহলে। যা আজও সকলের মনে গেঁথে রয়েছে। তাঁর প্রয়াণের খবর সামনে আসে আজ কিছুক্ষণ আগে।
মুখ্য চরিত্রে নয় বরং পার্শ্বচরিত্রেই তাঁকে বেশিরভাগ সময় দেখা গিয়েছে। তবুও নিজের অভিনয় দক্ষতায় দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন তিনি। অভিনয় করেছিলেন বলিউডের নাম যাধা অভিনেতা অমিতাভ বচ্চন, রাকেশ রোশন, ঋষি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে। পরবর্তীকালে শ্রীদেবী, অনিল কাপুর, আমিরখান, রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও পর্দায় অভিনয় করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৭২ বছর।
১৯৭৫ সালে ‘র্যা মসে ব্রাদার্স’র হাত ধরে বলিউডে পা রাখেন মধু। ভৌতিক ঘরানার এই ছবির সুবাদেই বলিউডে পথ চলা শুরু তাঁর। এরপর শক্তি সামন্ত, রমেশ সিপ্পির মতো পরিচালকের ছবিতে দেখা গিয়েছিল। কেরিয়ারের বিভিন্ন সময়ে মধু মালহোত্রা একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘সত্তে পে সত্তা’, ‘করজ’, ‘রিশতা কাগজ কা’, ‘বিশ্বনাথ’ এবং ‘কয়ামত’। এই সব ছবিতে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। অভিনেত্রীর শেষ অভিনীত ছবি ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও বেওয়াফা থি’। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড মহল।
