ওঙ্কার ডেস্ক: ফের পর্দায় ফিরতে চলেছেন রণজয় বিষ্ণু। ‘গুড্ডি’ ধারাবাহিকের পর তাঁকে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার তিনি ফিরছেন স্টার জলসার হাত ধরে তাঁর নতুন ধারাবাহিকের নাম ‘প্রতিজ্ঞা’।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’র প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, রণজয়কে এবার আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। নাম অভিমন্যু শঙ্কর রায়। তার বাগদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ছোটবেলার প্রেমিকার সঙ্গেই। এই প্রেমিকাকেই সে এক সময় সিঁদুর পরিয়ে আজীবন একসঙ্গে থাকার, খেয়াল রাখার কথা দিয়েছিল। স্ত্রীর জায়গা দিয়েছিল সে। কিন্তু বাগদানের অনুষ্ঠানে এসেই তাঁকে অন্য রূপে দেখা যায় তাঁকে, বাগদান না সেরেই বেড়িয়ে যায় অভিমন্যু। সে জানিয়ে দেয়, সে তার পরী নয়। বাইরে এসে কান্নায় ভেঙে পড়ে ঈশ্বরকে তার হারানো প্রেমকে ফিরিয়ে দিতে বলতে দেখা যায় তাঁকে। অন্যদিকে বৃষ্টির মধ্যে নেচে নেচে ছুটিকে আশ্রমের বাচ্চাদের তার জীবনের গল্প বলতে দেখা যায়। আর তা শুনতে পায় অভিমন্যু। বোঝে এই সেই পরী, তার হারিয়ে যাওয়া প্রেমিকা। ছোটবেলায় করা ‘প্রতিজ্ঞা’ কি সে রাখতে পারবে? ফিরে পাবে ছোটবেলার প্রেমকে? নাকি আবারও হারিয়েযাবে সেই ভালোবাসা? উত্তর পেতে আপাতত ধারাবাহিকের অপেক্ষা, তারপরেই গল্প খোলসা হবে ধীরে ধীরে।
আগেই খবর ছিল রণজয় ছোটপর্দায় ফিরতে চলেছেন। শোনা গিয়েছিল তাঁর বিপরীতে থাকতে পারেন অভিকা মালাকার। আসলেই তা সত্যি হল, পরী তথা ছুটির ভূমিকায় দেখা যাবে অভিকাকেই। অন্যদিকে থাকবেন স্বপ্নীলা চক্রবর্তী। তবে এখনও পর্যন্ত এই ধারাবাহিকের শুরুর দিন বা স্লট ঘোষণা করা হয়নি। প্রোমো প্রকাশ্যে আসার পর দর্শক মুখিয়ে আছে এই ধারাবাহিকের জন্য। পর্দায় রণজয় এবং অভিকার অনস্ক্রিন রোম্যান্স কতটা জমে এখন সেই দিকেই নজর সকলের।
