ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-র মুকুটে নয়া পালক। আবারও আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত হলেন অভিনেত্রী। এবার যুক্তরাজ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে প্রদান করা হল গ্লোওম্যান ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৬। ভারতীয় চলচ্চিত্রে তাঁর এই পথচলার অবদানের জন্য তাঁকে ‘টাইমলেস ডিভা’র সম্মান দেওয়া হল।
গ্লোওম্যান সিআইসির উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টের জুবিলি রুমে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সাংসদ ড্যানি বেলসের-এর আমন্ত্রণে উপস্থিত হন ঋতুপর্ণা। অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় সীমা মালহোত্রা এবং লেবার পার্টির প্রাক্তন সাংসদ বীরেন্দ্র শর্মাকে। এই সম্মান গ্রহণের পর অভিনেত্রী জানান, এই স্বীকৃতি অত্যন্ত গর্বের। যুক্তরাজ্যের সংসদের মতো মর্যাদাপূর্ণ স্থানে সম্মান পাওয়া তাঁর জীবনের এক বিশেষ মুহূর্ত। তিনি সকলকে ধন্যবাদ জানান, পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর বাবা-মা, পরিবার, স্বামী সঞ্জয় চক্রবর্তী এবং দর্শকদের প্রতি। এই অনুষ্ঠানে তাঁর স্বামীও উপস্থিত ছিলেন।
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে চলেছেন তিনি, জিতে চলেছেন দর্শকের মন। ১৯৯০ সালে অভিনয় জীবন শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে তিনি নিজের অভিনয় দক্ষতায় আলাদা জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে লক্ষ্মীকান্ত পুর লোকাল ছবিতে। দীর্ঘ অভিনয় জীবনে দেশ-বিদেশে একাধিক সম্মানের পাশাপাশি তাঁর ঝুলিতে নতুন করে যোগ হল আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি।
