নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা;
গোবরডাঙা স্টেশন লাগোয়া বাজারে বিধ্বংসী আগুন। আগুনের গ্রাসে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। ইলেকট্রিক্স এর পার্টস প্রচুর পরিমানে মজুত থাকায় আগুন লাগে। পরে পাশের একটি ঘিয়ের গোডাউনে ছড়ায় আগুন। ঘি দাহ্য পদার্থ হওয়ায় চোখের নিমেশে আগুন আরও বিধ্বংসী চেহারা নেয়। বাজারে উপস্থিত ব্যবসায়ী এবং বাকিরা তড়িঘড়ি দমকলে খবর দেয়।
খবর দেওয়া হলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বিধ্বংসী আগুনে আনুমানিক ১০-১২ টি দোকানের ক্ষতি হয়ে গেছে। ৩ টি ইঞ্জিনেও আগুন নিয়ন্ত্রণে না আসায়, দমকলের আরো ২ টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। তারপর মোট ৫ টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো কিছু জানা যায়নি। এখনো পর্যন্ত কারো আহত বা নিহত হওয়ার খবর আসেনি। তবে কিছু জায়গায় পকেট ফায়ার থাকতে পারে তাই গোটা এলাকা কর্ডন করে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন দমকল বিভাগের কর্মীরা।
