ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোটের হাওয়া। মঙ্গলবারই রাজ্যের আইন শৃঙ্খলা ও শান্তি বজায় রাখা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন জ্ঞানেশ কুমার। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অশান্ত হল গঙ্গাসাগর। বুধবার সাতসকালে আচমকাই গুলি চালানো হয় বিজেপির এক কর্মীর ওপর। সূত্রের খবর, শ্রীধাম বাসস্ট্যান্ড থেকে গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় বাইকে করে আসা দুই দুষ্কৃতী বিজেপির কর্মীর নাম ত্রিলোকেশ ঢালিকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
স্থানীয় মানুষরাই দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কী কারণে, কারা এই হামলা চালালো, তা খতিয়ে দেখছে পুলিশ। সকাল সকাল এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ত্রিলোকেশ ঢালি আগে মথুরাপুর সংগঠন জেলা কমিটির সেক্রেটারি ছিলেন, যদিও বর্তমানে সাধারণ কর্মী হিসেবেই দল করছিলেন। ভোটের আগে বিজেপি নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো কোনও ব্যক্তিগত বিরোধ থেকেই হামলা হতে পারে। কিন্তু বিজেপির অভিযোগ, শাসক দলের হাত আছে এই হামলার পিছনে।
সূত্রের খবর, আক্রান্তের মেয়েও অভিযোগ তুলেছেন তৃণমূলের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। তাঁর দাবি, “বাবাকে বুকে গুলি করা হয়েছে। আমরা বিজেপি করি, আমি নিজেই পঞ্চায়েত মেম্বার, এই কারণেই হামলা হতে পারে।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের নেতারা। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ অবশ্য দাবি করেছেন, নিরপেক্ষ তদন্ত হোক।
এই হামলার প্রতিবাদে বিজেপি কর্মীরা রাস্তায় অবরোধে বসেছেন। গঙ্গাসাগরের বিভিন্ন এলাকায় উত্তেজনা তুঙ্গে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
