ওঙ্কার ডেস্ক: নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই তপ্ত হতে শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘরের কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এদিন বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে নেমে তৃণমূল নেত্রীকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, ২৫ হাজার ভোটে তিনি ভবানীপুরে জিতবেন। ‘হিন্দু নববর্ষের দিন’ পুজো দিয়ে শুরু করলেন নির্বাচনী প্রচার। ভোটের কুরুক্ষেত্র ভবানীপুর প্রচারপর্ব শুরু থেকেই সরগরম। এদিন বিজেপি কর্মী সমর্থকরা ঢাক-ঢোল বাজিয়ে, মিছিল করে চক্রবেড়িয়ায় পার্টি অফিসে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানান। সেই সঙ্গে লাড্ডু ও রজনীগন্ধার মালায় তাঁকে বরণ করে নেওয়া হয় । সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, ‘যাঁদের সেলফ কনফিডেন্স আছে, তাদের আধুনিক কালে বলে ধর্মযোদ্ধা। আমার সেলফ-কনফিডেন্স আছে, আমি স্বামীজীর মন্ত্র নিয়ে চরৈবেতি চরৈবেতি মন্ত্র বলি, মমতা ব্যানার্জিকে এখানে হারাব। আমি স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্য, আমার দীর্ঘ ৩৩-৩৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে, নরেন্দ্র মোদির আশীর্বাদধন্য বিজেপির প্রার্থী, আমাকে জেতাবেন।’
উল্লেখ্য ২০২১ এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রে শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমোকে পরাজিত করেন। আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও দাঁড়িয়েছেন। তাঁর লক্ষ্য তৃণমূল সুপ্রিমোকে পরাজিত করা এবারেপ। তবে মানুষ কার হাতে ছাড়বেন ভবানীপুরের রাশ তা জানা যাবে আফামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর।
