ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা। জ্বালানি সঙ্কট বিশ্বজুড়ে। তবে ভারতে জ্বালানি সঙ্কটের নেপথ্যে কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কেন্দ্রের বিরোধীতা করে আগামী সপ্তাহের সোমবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, সোমবার কলকাতার রাজপথে মিছিলে হাঁটবেন তৃণমূল সুপ্রিমো। তবে কোন রুটে মিছিল হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এসআইআরে বিচারাধীন ভোটারদের বৈধ হিসেবে ঘোষণার দাবিতে ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মমতা। সেই মঞ্চ থেকেও জ্বালানি নিয়ে আওয়াজ তুলেছিলেন। এবার সরাসরি পথে নেমে প্রতিবাদ জানাবেন।
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, দেশে কত গ্যাসের ভাণ্ডার মজুত রয়েছে? কেন আগে থেকে সব দিক বিবেচনা না করে কেন্দ্র ২৫ দিনের আগে বুকিং করা যাবে না বলে ঘোষণা করল? তা কেন জানানো হল না? বুধবার বিকেলে তেল সংস্থা ও গ্যাসের ডিলারদের সঙ্গে জরুরি পরিস্থিতিতে বৈঠকও সেরেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘সংকট কাটাতে আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিলাম। ওঁদের সঙ্গে আলোচনা করে যা জানলাম, জ্বালানি তেল নিয়ে এখনও ততটা সমস্যা হয়নি। মূল সমস্যা হচ্ছে এলপিজি গ্যাসে। আমরা বললাম, রাজ্যে যা গ্যাস মজুত আছে, তা আর বাইরে পাঠাবেন না।”
যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে পড়েছে। সময় যত বাড়ছে, ততই তার প্রভাব ছড়িয়ে পড়ছে আশপাশের দেশগুলিতে। আসল সমস্যা হল, বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহ। কারণ আরব দুনিয়া থেকে গোটা বিশ্বে সিংহভাগ তেল সরবরাহ হয় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু সেই প্রণালী বন্ধ। আর তার জেরে সব দেশে জ্বালানির সংকট তৈরি হচ্ছে।
