ওঙ্কার ডেস্কঃ মুখ্যমন্ত্রী আবারও রাজপথে। এবার বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে পথে নামবেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী। ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম বাদ গিয়েছে! তার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টোয় ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিংয়ে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। মোতায়েন প্রচুর পুলিশ। রয়েছেন নেতা থেকে কর্মীরাও। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএলআরওরাও জড়ো হচ্ছেন। কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমোর পাশে থাকবে ভুক্তভোগী ভোটারদের একাংশ। যাঁরা এসআইআর প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের হারিয়েছেন, তাঁরাও থাকবেন।
ভোটের আগে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে বাংলায়। রাজ্যে যবে থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, তবে থেকে সুর চড়িয়েছেন মাননীয়া। এসআইআর প্রক্রিয়া শুরুর দিনও পথে নেমেছিলে মুখ্যমন্ত্রী। তারপর থেকে একাধিক বার অভিযোগ, নির্বাচন কমিশনে চিঠি, এমনকি সুপ্রিম কোর্টেও আওয়াজ তুলেছেন। কিন্তু তারপরও বাংলার প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই ভোটাধিকার রক্ষায় এবার পথে নামা ছাড়া আর কোনও পথ খোলা নেই। তাই নিজের সফল রাজনৈতিক হাতিয়ার ফের প্রয়োগ করতে চলেছেন মমতা।
আগামীতে এই ধর্নার পরিস্থিতি কী হয়, সেটা সময় বলবে। তবে ভোটের আগে এই ধর্না যে গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। রাজনৈতিক দিক থেকে এই ডোরিনা ক্রসিং খুব গুরুত্বপূর্ণ। ঠিক ২০ বছর আগে ধর্মতলার ওয়াই চ্যানেলের যে ধর্না অনশন মঞ্চ থেকে বাংলায় পালাবদল হয়েছিল, সেই একই মঞ্চে আবারও মমতা ধর্নায় বসতে চলেছেন। তবে এবারে লক্ষ্য নির্বাচন কমিশন ‘বেআইনিভাবে’ বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে ষড়যন্ত্র স্তব্ধ করা।
