ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে সরকারি সফরে জাপানে রয়েছেন এবং আগামী শনিবার পর্যন্ত সেখানেই থাকবেন। সেখান থেকে তিনি রওনা দেবেন চিনে, যেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে অংশ নেবেন। তবে চিন সফরের আগে জাপান সফরকে নয়াদিল্লি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। এই সফরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে বসবেন মোদী। ভারত ও জাপান বহুদিন ধরেই বৃহত্তর কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ, সেই বোঝাপড়া আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকের পর।
সফরের সময় ভারত এবং জাপানের মধ্যে একাধিক সমঝোতাপত্র ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে যৌথভাবে উন্নত মানের বুলেট ট্রেন তৈরি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ই১০ শিনকানসেন মডেলের বুলেট ট্রেন নির্মাণে নয়াদিল্লি ও টোকিয়ো প্রাথমিক পর্যায়ের কথাবার্তা প্রায় সেরে ফেলেছে। একইসঙ্গে জাপানি বিনিয়োগের প্রসঙ্গও আলোচনায় আসবে। ভারত চায় জাপানের শিল্পমহলকে দেশের পরিকাঠামো ও প্রযুক্তি ক্ষেত্রে আরও বড় ভূমিকা নিতে উৎসাহিত করতে।
অর্থনৈতিক আলোচনায় অনিবার্যভাবে উঠে আসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ইতিমধ্যেই ভারতের বহু পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। এর ফলে ভারতকে বিকল্প বাজার খুঁজতে হচ্ছে, যেখানে কম শুল্কে রপ্তানি করা সম্ভব। নয়াদিল্লির কাছে জাপান সেই সম্ভাব্য বাজারগুলির অন্যতম।
ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিবি জর্জ সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে মোদী ও ইশিবার মধ্যে বিস্তারিত আলোচনা হবে। আলোচনায় থাকবে ‘কোয়াড’-এর বিষয়ও। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া মিলে তৈরি এই চতুর্দেশীয় অক্ষ মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চিনের প্রভাব কমানোর কৌশলেই কাজ করে। তবে ট্রাম্পের শুল্কযুদ্ধ নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ‘কোয়াড’-এর আরেক গুরুত্বপূর্ণ সদস্য জাপানের সঙ্গে সম্পর্ক মজবুত করাকে অত্যন্ত কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তি ক্ষেত্রের যৌথ উদ্যোগ নিয়েও জাপানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন মোদী। এর আগে ২০১৮ সালে শেষবারের মতো জাপান সফরে গিয়েছিলেন তিনি। সাত বছর পর ফের টোকিয়ো সফর তাই বহুমুখী দিক থেকে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে।
