ওঙ্কার ডেস্ক: বিহারের সারণ জেলা-তে এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি থেকে টেনে পাশের শৌচালয়ে নিয়ে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের পর কুয়োয় ফেলে হত্যার অভিযোগ উঠেছে কয়েক জন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ ও অবরোধ শুরু হয়। ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলের দিকে ওই নাবালিকা তার মায়ের সঙ্গে তাঁদের পুরনো বাড়িতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় চার থেকে পাঁচ জন দুষ্কৃতী তাকে জোর করে বাড়ির পাশের একটি শৌচালয়ে টেনে নিয়ে যায় এবং সেখানে গণধর্ষণ করে। নির্যাতিতার চিৎকার শুনে তাঁর মা ও পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এলে আতঙ্কে পড়ে যায় অভিযুক্তরা। অভিযোগ, তখন নাবালিকার পা ধরে টেনে তাকে জীবন্ত অবস্থায় পাশের একটি কুয়োয় ফেলে দেয় দুষ্কৃতীরা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা দ্রুত কুয়ো থেকে কিশোরীকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবরাজ কুমার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ, এবং দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
