ওঙ্কার ডেস্কঃ রবিবাসরীয় বিকেলেই আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানেই ভোটের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে থাকবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সূত্রে খবর, আগের চেয়ে এ বার ভোটের দফা কমতে পারে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার সর্বোচ্চ দুই বা তিন দফায় ভোট হওয়ার সম্ভবনা। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরীর ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করবে কমিশন। কিছু দিন আগেই জ্ঞানেশের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। কমিশন সূত্রে খবর, আগের চেয়ে এ বার ভোটের দফা অনেকটাই কমিয়ে দেওয়া হবে।
কমিশন জানিয়েছে, ভোটের আগে পর্যন্ত যত ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি হয়ে যাবে, তাঁরা ভোট দিতে পারবেন। তবে নববর্ষের পরেও যদি রাজ্যে প্রথম দফার ভোট হয়, তার মধ্যে সকল নামের নিষ্পত্তি হবে কি না, এখনও স্পষ্ট নয়। ‘বিবেচনাধীন’ তালিকায় থাকা ভোটারদের কী হবে, প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
