ওঙ্কার ডেস্ক: আগামী ৯ এপ্রিল ১৪০ আসন বিশিষ্ট কেরলে এক দফায় হবে বিধানসভা নির্বাচন। রবিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই নির্ঘন্ট ঘোষণা করেছেন। তার ২৪ ঘন্টা যেতে না যেতে দক্ষিণের রাজ্যে নির্বাচনী লড়াই তীব্র হতে চলেছে। সোমবার থেকেই রাজনীতির ময়দানে প্রচার শুরু করে দিয়েছে দলগুলি।
বিরোধী জোটগুলি এখনও তাদের প্রার্থীতালিকা চূড়ান্ত করতে না পারলেও ক্ষমতাসীন ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) প্রার্থী ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যে। রাজ্যজুড়ে, মন্ত্রী এবং বাম প্রার্থীরা রাস্তায় নেমে ভোটারদের সঙ্গে জনসংযোগ শুরু করে দিয়েছে। রাজ্যের খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রী এবং সিনিয়র সিপিআই নেতা জিআর অনিলকে সোমবার সকালে দেখা গিয়েছে নেদুমাংগদ নির্বাচনী এলাকায় প্রচার করতে। অনিল বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকা খুব ভালো করেই জানি। এখানে কী কী উন্নয়ন হয়েছে তা একবার দেখুন। ফলাফল নিয়ে আমি আত্মবিশ্বাসী এবং এ নিয়ে আমার কোনও সন্দেহ নেই।’
কোত্তারাক্কারায়, সিপিআই(এম)-এর মন্ত্রী কেএন বালাগোপালও এদিন নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন। ২০২১ সালে সহজে জয়ী হওয়া বালাগোপাল এখন আরও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি। আসন্ন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী তাঁরই দলের প্রাক্তন সহকর্মী আয়েশা পোট্টি, যিনি তিনবার সিপিআই(এম)-এর বিধায়ক ছিলেন। গত মাসে লাল শিবির ছেড়ে তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। সংবাদ মাধ্যমকে বালাগোপাল বলেন, ‘কেউ জানে না কেন তিনি দল ত্যাগ করেছেন এবং তিনি এখনও কারণ ব্যাখ্যা করেননি। আমি নিশ্চিত যে আমার নির্বাচনী এলাকায় করা উন্নয়ন আমাকে ভালো জায়গায় রাখবে।’
