ওঙ্কার ডেস্ক: জম্মুতে ‘কাশ্মীর টাইমসের’ অফিসে তল্লাশি অভিযান চালাল জম্মুকাশ্মীর পুলিশের রাজ্য তদন্ত সংস্থা এসআইএ। বৃহস্পতিবার ওই সংবাদ মাধ্যমের অফিসে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযোগ, ‘কাশ্মীর টাইমস’ দেশবিরোধী কার্যকলাপে উৎসাহিত করছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালের দিকে এই তল্লাশি অভিযান শুরু হয়। অনুসন্ধান চালিয়ে একে ৪৭ কার্তুজ, পিস্তলের রাউন্ড এবং তিনটি গ্রেনেড লিভার উদ্ধার করা হয়েছে। তল্লাশি এখনও চলছে বলে জানা গিয়েছে। ‘কাশ্মীর টাইমসের’ সম্পাদক সাংবাদিক অনুরাধা ভাসিন। অসন্তোষ ছড়ানো, বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করা এবং দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। একটি এফআইআরও দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, অনুরাধা ভাসিনের বিরুদ্ধে সার্বভৌমত্বের জন্য যে হুমকির অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখতে এই তল্লাশি অভিযান। এক বিবৃতিতে কাশ্মীর টাইমসের সম্পাদকরা বলেছেন তাঁদের বিরুদ্ধে আনা এই অভিযোগ ভিত্তিহীন। বলা হয়েছে, ‘সরকারের সমালোচনা করা আর রাষ্ট্রের বিরোধিতা করা এক বিষয় নয়।’ বিবৃতিতে আরও বলা হয়েছে যে, প্রশ্ন করে এমন সংবাদ মাধ্যম ‘আমাদের জাতিকে শক্তিশালী করে। এটি দুর্বল করে না।’
উল্লেখ্য, ‘কাশ্মীর টাইমস’ জম্মুকাশ্মীরের প্রাচীনতম এবং সবচেয়ে বিশিষ্ট সংবাদপত্রগুলির মধ্যে একটি। বেদ ভাসিনের হাতে তৈরি এই সংবাদপত্রটি। ১৯৫৪ সালে সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে প্রকাশিত হলেও ১৯৬৪ সালে এটি দৈনিকে পরিবর্তন করা হয়।
