ওঙ্কার ডেস্কঃ টানা ধসের পর স্বস্তি ফিরল শেয়ারবাজারে। লক্ষ্মীবারের বিরাট ধাক্কা সামলে শুক্রবার ঘুরে দাঁড়াল বাজার। অপরিশোধিত তেলের দাম কমতেই আবারও চাঙ্গা সূচক।
সূত্রের খবর, শুক্রবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বমুখী দুই প্রধান সূচক, সেনসেক্স ও নিফটি। বিএসই সেনসেক্স ৩৫২.১৪ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে ৭৪,৫৫৯.৩৮-এ খোলে। অন্যদিকে, এনএসই নিফটি ৫০, ১০৮ পয়েন্ট বেড়ে দিনের শুরুতেই পৌঁছে যায় ২৩,১১০.১৫-এ।
সেনসেক্স প্যাকের মধ্যে লাভের তালিকায় ছিল টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক, ইটার্নাল ইনফোসিস এবং লারসেন অ্যান্ড টুবরো। এর মধ্যে টেক মাহিন্দ্রাই এগিয়ে, ওপেনিং ট্রেডে ২.৭৬ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে সবচেয়ে বেশি পতন এইচডিএফসি ব্যাঙ্কের, ১.৮১ শতাংশ।
সূত্রের খবর, অন্যদিকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী টানা ১৫ দিন বিক্রি চালিয়ে গিয়েছে, ১৮ মার্চ বিক্রি করেছে ৭,৫৫৮.১৯ কোটি টাকার শেয়ার। যদিও দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩,৮৬৩.৯৬ কোটি টাকার শেয়ার কিনে কিছুটা ভারসাম্য ফিরিয়েছে বাজারে।
