নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বামেদের পাশাপাশি সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। শিলিগুড়ির বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শঙ্কর ঘোষ। আর নাম প্রকাশের পর থেকেই ভোট প্রচারে নেমে পড়েছেন তিনি। মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শিলিগুড়ি হিলকার্ট রোডের বিভিন্ন জায়গায় প্রচার চালান শঙ্কর ঘোষ। এদিন দেওয়াল লিখনও করেন তিনি।
এদিন সকালে পুজো দিয়ে তিনি নেমে পড়েন ভোট প্রচারে। বিভিন্ন বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি প্রচার চালান বিভিন্ন বাজারেও। শিলিগুড়ি মহাবীর স্থানের ব্যবসায়ীদের হাতে গীতা দিয়ে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী। জনসংযোগের সময় তিনি বলেন, তৃণমূলের বি টিম হয়ে সিপিএম খেলছে, বিজেপিকে রুখতে নয়, যাতে এই রাজ্যের হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকেন।
প্রসঙ্গত, শিলিগুড়িতে ইতিমধ্যেই বামেরা প্রার্থী করেছে শিলিগুড়ি পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তীকে। তৃণমূলের প্রার্থী হয়েছেন গৌতম দেব। তবে প্রার্থী তালিকা ঘোষণা হতেই শঙ্কর ঘোষ জনসংযোগ বাড়িয়েছেন। মঙ্গলবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মানুষের কাছে নেমে পড়েছেন ভোট ভিক্ষায়।
