ওঙ্কার ডেস্কঃ রবিবারই নির্বাচন কমিশন বাংলায় ভোটের দিন ও ফলাফলের দিনক্ষণ ঘোষণা করেছে। ঠিক তারপর দিনই বাংলায় প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট। তার আগেই প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম দফায় ১৯২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ মুখকে প্রার্থী করছে সিপিএম।
রাজ্যে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। ভোটের দিন ও ফলাফলের দিনক্ষণ ঘোষণার পরদিনই বাংলায় প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট। শরিকদের সঙ্গে এবার আসন সমঝোতা নিয়ে সিপিএম নেতাদের বৈঠক ফলপ্রসু হয়েছে। প্রার্থী তালিকা প্রকাশের সময় সেই কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম দফায় ১৯২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
দুপুরে মুজফফর আহমেদ ভবনে বামফ্রন্টের শরিকদের সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিমান বসু। সেখানেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। দমদম উত্তর কেন্দ্রে এবার প্রার্থী করা হয়েছে সিপিএমের তরুণ তুর্কি দীপ্সিতা ধর। বরানগরে লড়বেন সায়নদীপ। পানিহাটি কেন্দ্রে প্রার্থী কলতান দাশগুপ্ত। কামারহাটিতে এবারের প্রার্থী মানস মুখোপাধ্যায়, যাদবপুর কেন্দ্রে বিকাশরঞ্জন ভট্টাচার্য। উত্তরপাড়ায় প্রার্থী হচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। মেখলীগঞ্জ থেকে কমল রায়, মাথাভাঙা থেকে সিপিআইএম খগেন বর্মন, কোচবিহার উত্তর কেন্দ্রে প্রণয় কাঞ্জি, দিনহাটায় বিকাশ মণ্ডল লড়বেন।
আইএসফের সঙ্গে জোট হয়েছে বামেদের। এবারের নির্বাচনে নওশাদ সিদ্দিকীর দলকে আসন ছাড়া হবে। সেই কথা আগেই স্থির হয়ে গিয়েছিল। কত আসন ছাড়া হবে? সেই কথা এখনও জানানো হয়নি বলে খবর।
সূত্রের খবর, এবারের ভোটে লড়ছেন না সিপিএমের শতরূপ ঘোষ। তবে প্রথম দফার তালিকায় নাম নেই কিছু হেভি ওয়েট প্রার্থীর। মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্যের নাম নেই। তাহলে কি দ্বিতীয় দফার তালিকায় তাঁদের নাম থাকবে? সেই বিষয়ে পরিষ্কার কোনও বার্তা এদিন দেয়নি আলিমুদ্দিন। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর দলকে কত আসন ছাড়া হবে? সেই কথা এখনও জানানো হয়নি।
