ওঙ্কার ডেস্ক: চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের আগ্রায়। ৩৫ বছর বয়সী এক অটো চালককে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ তাঁর প্রাক্তন লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। খুনের সময় ওই মহিলাকে সাহায্য করেছেন তাঁর স্বামী এবং সহযোগীরা। শাহগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রিপোর্ট অনুসারে, নিহত ব্যক্তির নাম চাঁদ ওরফে সাদ্দাম। ফোন থেকে মহিলার সঙ্গে তাঁর পুরনো ছবি এবং ভিডিও মুছে ফেলতে রাজি না হওয়ায় তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। অটোতে করে যাত্রীদের নামিয়ে বাড়ি ফেরার সময় এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। তদন্তে জানা গিয়েছে, পৃথ্বীনাথ ফটকের রাম স্বরূপ কলোনির বাসিন্দা ছিলেন চাঁদ। তাঁকে ২৭ ফেব্রুয়ারি দৌরেথা এলাকায় আটকানো হয়। অভিযুক্তরা চাঁদকে অটো থামাতে বাধ্য করে বিলাসগঞ্জের কাছে একটি নির্জন জায়গায় টেনে নিয়ে যায়। এর পর তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন্ত দগ্ধ হতে হতে তীব্র আর্তনাদ শুরু করেন চাঁদ। তাঁর কান্না শুনে ছুটে আসেন স্থানীয় লোকজন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে চাঁদকে এসএন মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার প্রথম স্বামীর মৃত্যুর পর প্রায় দুবছর ধরে চাঁদের সঙ্গে থাকছিলেন। সম্প্রতি ওই মহিলা তাঁর দেওর ৩৩ বছর বয়সী আলি আহমেদকে বিয়ে করেছেন। এর মাঝে চাঁদকে ফোন থেকে দুজনের পুরনো ছবি এবং ভিডিও মুছে ফেলার জন্য চাপ দিচ্ছিলেন অভিযুক্ত। কিন্তু তা মানতে চাননি অটোচালক। তার জেরেই এই খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
