ওঙ্কার ডেস্কঃ ব্রিগেডে মোদীর হাইভোল্টেজ সভায় ফাঁকা চেয়ারের চাপ, অন্যদিকে সাংগঠনিক ভিত পোক্ত না হওয়ার উপর মহল থেকে চাপ, মোদীর সভায় শুধুই আশ্বাস আর বাণী, তাঁর মধ্যে ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আধ ঘণ্টা আগে মমতার মাস্টারস্ট্রোক। সব মিলিয়ে বিপাকে বঙ্গ বিজেপি। ভোটের দিন প্রকাশ হতেই পদ্মশিবিরের বৈঠক, আলাপ আলোচনা হয়েছে। দলীয় সূত্রে খবর, মঙ্গলে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করবে গেরুয়া শিবির।
সোমবার বামেরা প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মঙ্গলে বিজেপির প্রথম তালিকা প্রকাশ করার কথা। সূত্রের খবর, ভোট ঘোষণা হতেই রবিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে বঙ্গ বিজেপি। শমীক-শুভেন্দু ছাড়াও ছিলেন সুকান্ত মজুমদার, ভূপেন্দ্র যাদব, সুনীল বনশল। দলীয় সূত্রে খবর, দিল্লিতে আগেই ১৫৫টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি ১৩৯টি নিয়ে আজ সোমবার ফের বৈঠকে বসবে দল। সোমবার ফের দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে খবর।
দলীয় সূত্রে খবর, রাজ্যে পুরনো বিধায়কদের প্রায় সকলেই টিকিট পাচ্ছেন। তবে বাদ যাচ্ছেন খড়গপুরের বিধায়ক হিরণ। কিন্তু পাহাড়ের কার্শিয়াং ও কালিম্পং নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেনি দল। এদিকে পাহাড়ের তিনটি আসনেই অনীত থাপার বিজিপিএম একাই লড়বে বলে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। নন্দীগ্রামে শুভেন্দুর নামে দেওয়াল লিখনও শুরু হয়েছে বলে খবর। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ভোটের জন্য তৈরি। বিজেপি ক্ষমতায় এলে নবান্ন নয়, রাইটার্স বিল্ডিং থেকে সরকার চলবে।
বাকি রাজ্যে একদিনে ভোট হলেও বঙ্গে দু’দিনের নির্বাচন ঘোষণা করে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে কমিশন, এমনটাই দাবি রাজনৈতিক মহলের। সূত্রের খবর, ডিএ ঘোষণাকে ভোটের মুখে রাজনৈতিক চমক বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর। অন্যদিকে, বিরোধী দলনেতার দাবি, “আদতে রাজ্যসরকার তার কর্মীদের প্রাপ্য কোনও টাকা দিতে চায় না। বরং কর্মীরা মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতারণার শিকার।”
