নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বোলপুরের শান্তিনিকেতনে ‘চাকরি চাই, বাংলায় নিয়োগ চাই’ কর্মসূচি পালিত হল বৃহস্পতিবার। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখান থেকে তিনি মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়ান। একাধিক রাজনৈতিক মন্তব্য করেন বিজেপি নেতা।
বৃহস্পতিবার বীরভূমের দাপুটে তৃণমূল নেতার নাম করে সৌমিত্র খাঁ বলেন, “এবার সনাতনী হয়ে তৃণমূলে থেকেই যেন বিজেপির হয়ে ভোট করা হয়।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এছাড়াও হুমায়ুন কবীর ও বাবরি মসজিদ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবরি’ নামটি ব্যবহার না করলেই ভালো হতো, কারণ এই নামের সঙ্গে অতীতের বহু হিংসাত্মক ঘটনার স্মৃতি জড়িয়ে আছে। তিনি হুমায়ুন কবীরকে উদ্দেশ্য করে আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর যে প্রতিজ্ঞা নেওয়া হয়েছে, তা যেন শেষ পর্যন্ত অটুট থাকে।
একইসঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশে সৌমিত্র খাঁ বলেন, তাঁরা যেন তৃণমূল ছেড়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলেন এবং সেই দলের সঙ্গে যুক্ত থাকেন। সৌমিত্র খাঁর এই সব বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
