নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে উত্তেজনা। নরেন্দ্র মোদির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করেই অশান্তির সৃষ্টি হয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে।
রাজ্যজুড়ে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রার প্রচারে , কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের ইন্দো আমেরিকান মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার লাগিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপি কর্মীদের অভিযোগ, গভীর রাতে তৃণমূলের দুষ্কৃতীরা সেই পোস্টার ছিঁড়ে দেয়। কর্মী-সমর্থকরা আরও দাবি করেন, ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।
এই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর ইন্দো আমেরিকান মোড়ে অবরোধে সামিল হন বিজেপি কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলায় এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপির প্রশ্ন সিসিটিভি থাকা সত্ত্বেও পুলিশ এই ঘটনা কারা করেছে তার কিনারা করতে পারছে না, এটা তৃণমূলের ভয় ছাড়া কিছুই নয় ।
