ওঙ্কার ডেস্ক: নয়া ব্ল্যাকহোলের হদিশ পেলেন বিজ্ঞানীরা। যেটি কিনা অনায়াসে গিলে ফেলতে পারে ৩৬৩০ কোটি সূর্যকে। আপাতত এটিই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ব্ল্যাকহোল বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা। গবেষকদের মতে, আমাদের নক্ষত্রমণ্ডলের কেন্দ্রে থাকা ব্ল্যাকহোলে অন্তত ৪৩ লক্ষ সূর্য ঢুকে যেতে পারে। তবে নতুন করে যে ব্ল্যাকহোলের সন্ধান পাওয়া গিয়েছে সেটি তার চেয়ে প্রায় আট হাজার গুণ বড়।
বিজ্ঞানীরা জানান, যে ব্ল্যাকহোলের সন্ধান পাওয়া গিয়েছে সেটির ভর সূর্যের ভরের চেয়ে প্রায় ৩,৬৩০ গুণ বেশি। অর্থাৎ প্রায় ৩৬৩০ কোটি সূর্য ঢুকে যেতে পারে এটিতে। এই ব্ল্যাকহোলটি প্রায় ৫০০ কোটি আলোকবর্ষ দূরে আমাদের নক্ষত্রমণ্ডল থেকে। এসডিএসএস জে১১৪৮+১৯৩০ নামক একটি নক্ষত্রমণ্ডলের কেন্দ্রে রয়েছে এটি।
বিজ্ঞানীদের মতে, ব্ল্যাকহোল সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। গবেষকরা জানাচ্ছেন, নতুন করে আবিষ্কৃত হওয়া এই ব্ল্যাক হোলটি যে ভাবে বেড়েছে, সে ক্ষেত্রে মনে করা হচ্ছে, ব্রহ্মাণ্ডের যখন জন্ম হয়েছিল সেই সময়েই সেটির জন্ম হয়েছিল। বিশ্ব ব্রহ্মাণ্ড ১,৩৮০ কোটি বছরের পুরনো। সেই সময় যদি কোনও ব্ল্যাকহোলের সৃষ্টি হয়ে থাকে, তা বাড়তে বাড়তে এত দিনে বিশাল আকার ধারণ করার কথা। বিজ্ঞানীরা বলেন, সেটি অন্তত পাঁচ হাজার কোটি সূর্যকে গিলে খেতে পারে। তবে নয়া আবিষ্কৃত ব্ল্যাক হোলের ভর সূর্যের ভরের চেয়ে সাড়ে তিন হাজার গুণেরও বেশি। গবেষকদের মতে, পাঁচ হাজার কোটি সূর্যকে না গিলতে পারলেও এটি ৩৬৩০ কোটি সূর্যকে গিলে নিতে পারে।
