ওঙ্কার ডেস্ক: কর্মক্ষেত্রে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল সাত শ্রমিকের। বৃহস্পতিবার বেঙ্গালুরুর কাছে মাদাপাট্টানা গ্রামে পাথর খাদানে কাজের সময় বড় পাথরের চাঁই ধসে পড়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচ শ্রমিক। আহতদের চিকিৎসার জন্য দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রিপোর্ট অনুসারে, পাথর খাদানে কাজের দায়িত্ব ছিল কাভেরি নামের এক কোম্পানির উপর। ওই সংস্থার মালিকানাধীন খাদানে একটি এক্সকাভেটর দিয়ে খনন কাজ চলছিল। সেই সময় একটি বড় পাথরের চাঁই নীচে কর্মরত শ্রমিকদের ওপর আছড়ে পড়ে। শ্রমিকদের মধ্যে এক জন সংবাদ সংস্থাকে জানান, প্রায় ১৮ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। প্রায় ৪০ ফুট উপর থেকে বিশাল পাথরটি তাদের ওপর আছড়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঊর্ধ্বতন আধিকারিকরা উদ্ধারকাজ তদারকি করছেন। ঠিক কী কারণে পাথরের চাঁই ধসে পড়ল তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
জানা গিয়েছে পাথর খাদানে যে শ্রমিকরা কাজ করছিলেন তাঁরা মধ্যপ্রদেশ ও ছত্তিসগঢ়ের বাসিন্দা। নিহতদের পরিবারকে খবর দেওয়ার চেষ্টা হচ্ছে। এই ঘটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, ‘মাগাদি রোডের কাছে একটি পাথর খাদানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমি সমস্ত আধিকারিকদের দেখেছি, তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে উপইস্থিত হয়েছেন। রিপোর্ট পাচ্ছেন তাঁরা। একটি রিপোর্ট পেয়েছি, যেখানে বলা হয়েছে দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং প্রায় সাতজন আটকে পড়েছেন। কিন্তু এখনও মৃতের সংখ্যা এবং অন্যান্য বিষয় জানা যায়নি।’