ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রদেশের এক যুবককে যৌন হেনস্থার অভিযোগ উঠল বৃন্দাবনের একটি আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে। অভিযোগ, প্রসাদে মাদক মিশিয়ে তাঁকে খাইয়ে যৌন নিপীড়ন করা হয়। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেলও করা হয়।
অভিযোগ, ২০২২ সালের ২২ নভেম্বর ওই অভিযোগকারী যুবক আশ্রমে ছিলেন। সেই সময় তাঁকে আশ্রমের প্রধান পুরোহিত ‘প্রসাদ’-এর সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেন বলে অভিযোগ। সেই প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। এর পর তাঁকে যৌন নিপীড়ন করা হয়। নির্যাতিত যুবকের আরও অভিযোগ, সেই ঘটনার ভিডিও রেকর্ড করেন ওই পুরোহিত। পরে তা দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করেন অভিযুক্ত। ঘটনার প্রতিবাদ করলে জোটে মারধর। কোনও ভাবে আশ্রম থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে যান ওই যুবক।
আগ্রার ডিআইজি-র কাছে গিয়ে গোটা ঘটনার কথা জানান ওই যুবক। সেখানে পুলিশকর্তা তাঁকে মথুরার এসএসপি-র সঙ্গে দেখা করার পরামর্শ দেন। তার পর এসএসপি সদর সার্কেল অফিসার সন্দীপ কুমার সিংকে তিনি নির্দেশ দেন, গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দিতে। পুলিশ কর্তা জানান, আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। যেহেতু ঘটনাটি ঘটেছে প্রায় তিন বছর আগে, তাই প্রথমে এর তদন্ত শুরু করা হয়েছে।
