ওঙ্কার ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের বারমের-যোধপুর জাতীয় মহাসড়কে। শুক্রবার একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ছয় জনের। জখম হয়েছেন বেশ কয়েকজন। বারমের জেলার কাছে এই দুর্ঘটনার পর যাত্রী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং জরুরি বিভাগ। তড়িঘড়ি উদ্ধার অভিযান শুরু করে তারা।
রিপোর্ট অনুসারে, আহত যাত্রীদের চিকিৎসার জন্য বালোত্রার নাহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যার ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ধাক্কার অভিঘাতে বাসের ডান দিকটি সম্পূর্ণরূপে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে রাজস্থানে একই ধরণের ঘটনা ঘটেছিল। তার কয়েক সপ্তাহ যেতে না যেতে এই মর্মান্তিক ঘটনা ঘটল। গত মাসে, যোধপুর-জয়সলমের মহাসড়কে একটি তীর্থযাত্রা থেকে ফেরার পথে একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কম করে চার জনের মৃত্যু হয়েছিল। জখম হয়েছিলেন ১৫ জনেরও বেশি।
ওই বাসটি প্রায় ২০ জন যাত্রী নিয়ে জয়সলমীর জেলার রামদেওড়ায় বাবা রামদেব মন্দির থেকে ফিরছিল। শুক্রবারের দুর্ঘটনার তদন্ত চলাকালীন প্রশাসন চালকদের জাতীয় মহাসড়কে, বিশেষ করে রাতে ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
