নিজস্ব প্রতিনিধি, হুগলি : চারধাম যাত্রায় বেরিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ল উত্তরপ্রদেশের পুণ্যার্থী বোঝাই একটি বাস। প্রাণ গেল এক পুণ্যার্থীর। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হুগলির গুড়াপে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে এই দুর্ঘটনা।
৫৬ জন পুণ্যার্থীকে নিয়ে উত্তরপ্রদেশের একটি বাস দেওঘর থেকে গতকাল রাতে রওনা দেয় গঙ্গাসাগরের উদ্দেশ্যে। ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার পথে ভোরবেলা একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি। বাসের স্পিড বেশি থাকায় লরিটিকে বেশ কিছুদুর ঘষটাতে ঘষটাতে নিয়ে যায় বাসের চালক। ঘটনায় বাসের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়াপ থানার পুলিশ। বাসে থাকা পুণ্যার্থীদের উদ্ধার করে। বাসের ভেতর থাকা ৫৬ জনের মধ্যে ১২ জন পুণ্যার্থী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে পাঠায় পুলিশ। এবং বাকি পূর্নার্থীদের সেখান থেকে উদ্ধার করে স্থানীয় কমিউনিটি হলে নিয়ে গিয়ে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে, পুলিশ সূত্রে জানা গেছে। পুণ্যার্থীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাদের যাতে থাকা খাওয়ার কোন অসুবিধা না হয় তা দেখা হচ্ছে এবং তাদের নিয়ে যাওয়ার জন্য অন্য একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। জখম যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।
