নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দেবীপক্ষে রাজ্যজুড়ে দুর্গাপুজোর উদ্বোধনে ব্যস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার থেকেই কলকাতা থেকে জেলা পর্যন্ত একের পর এক মণ্ডপের উদ্বোধন করছেন তিনি। তারই মধ্যে মঙ্গলবার বিজেপি শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নদিয়া জেলার রানাঘাটের চারের পল্লি এবং কল্যাণীর নাইন-এ পার্কের পুজোর উদ্বোধন করবেন শুভেন্দু। এরপর যাবেন উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সেখানে গাঁধীপল্লি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর সূচনা করার কথা তাঁর। বনগাঁ থেকে আকাশপথে কলকাতায় ফিরে দুপুরে দমদম বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরবেন মুখ্যমন্ত্রী।
বিজেপি সূত্রের খবর, আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নভেম্বর মাসে এই দুই পুরসভার ভোট হতে পারে। রাজ্যে ক্ষমতা বদলের পর এই প্রথম কলকাতা ও হাওড়ায় পুরভোটের মুখোমুখি হবে বিজেপি সরকার। সেই নির্বাচনের রণকৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং প্রার্থী বাছাই নিয়ে দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে। যদিও দিল্লি সফরের কারণ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি মুখ্যমন্ত্রী।
পুজোর মরসুমের কথা মাথায় রেখে দিল্লি সফর সংক্ষিপ্ত রাখছেন শুভেন্দু। মঙ্গলবার রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। পরের দিন বুধবার মুর্শিদাবাদ সফরে যাবেন তিনি। সেখানে বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন।
রাজনৈতিক মহলের মতে, মুর্শিদাবাদ সফরেরও আলাদা তাৎপর্য রয়েছে। গত বিধানসভা ভোটে জেলার ২২টি আসনের মধ্যে ৮টিতে জিতেছিল বিজেপি। সদ্য রেজিনগর উপনির্বাচনেও জয় পেয়েছেন বিজেপি প্রার্থী শাঁখারব সরকার। ফলে পুজোর উদ্বোধন হলেও মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর কর্মসূচি রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।