নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: অবশেষে হ্যাকার হানায় তথ্য ফাঁসের কথা স্বীকার করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। বুধবার, ২১ অক্টোবর শেয়ার বাজারে বিবৃতি দিয়ে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানাল, ৩,৮৯৭ জন গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। যদিও এই হামলা ব্যাঙ্কের দৈনন্দিন কাজে কোনও প্রভাব ফেলেনি বলেও দাবি করেছে তারা।
এসবিআই-এর বিবৃতি অনুযায়ী, হ্যাকার গ্যাং ওই তথ্য ডার্ক ওয়েবে প্রকাশও করেছে। গত ১৬ অক্টোবরই এ বিষয়ে থ্রেট ইন্টেলিজেন্স সার্ভিস প্রোভাইডার, ডিফেন্স সাইবার এজেন্সি এবং সার্ট-ইনের তরফে সতর্কবার্তা পেয়েছিল ব্যাঙ্ক।
এর আগে অবশ্য একটি সাইবার নিরাপত্তা সংস্থা সমাজমাধ্যমে দাবি করে, প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। তবে এসবিআই জানিয়েছে, প্রাথমিক তদন্তে ৩,৮৯৭ জনের রেকর্ড শনাক্ত করা গিয়েছে। ওই গ্রাহকদের মোবাইল নম্বর, জন্ম তারিখ, নাম, ই-মেল আইডি এবং বাড়ির ঠিকানা হাতিয়েছে হ্যাকাররা। ফাঁস হওয়া তথ্যে গ্রাহকরা কোন শাখার সঙ্গে যুক্ত, ঋণ নিয়েছেন কি না এবং বেশ কিছু প্রয়োজনীয় নথির উল্লেখও রয়েছে বলে সূত্রের খবর।
গ্রাহক ও ব্যাঙ্কের ঝুঁকি মূল্যায়নের জন্য বিশদ তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে এসবিআই। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বাস দিয়েছে তারা। তথ্য ফাঁস হওয়া গ্রাহকদের অ্যাকাউন্টের উপর কড়া নজর রাখা হচ্ছে এবং কোনও আর্থিক ক্ষতি যাতে না হয়, সে জন্য সাইবার হামলা মোকাবিলার প্রোটোকল সক্রিয় করা হয়েছে।
সম্প্রতি ‘সাইবারপাল্স৫৬’ নামে একটি সাইবার নিরাপত্তা সংস্থা এক্স হ্যান্ডলে দাবি করে, সাড়ে তিন লাখের বেশি গ্রাহকের তথ্য হাতিয়ে ডার্ক ওয়েবে দায় স্বীকার করেছে ‘সিরিয়াসিম’ নামে একটি হ্যাকার গোষ্ঠী। তাদের কাছে সিএসভি ফরম্যাটে সংবেদনশীল তথ্য এবং ২,৭২২টি পিডিএফ ফাইল রয়েছে বলেও দাবি করা হয়। এর পরই নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, দেশের আর্থিক প্রতিষ্ঠানে হ্যাকার হানা নতুন নয়। গত জুলাইতে একই ধরনের হামলার মুখে পড়েছিল ব্যাঙ্ক অফ বরোদা। গত বছর এসবিআই-এর ইয়োনো অ্যাপেও দুর্বলতা ধরা পড়ে, পরে আপডেটের মাধ্যমে তা ঠিক করা হয়।