ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালিপনায় খেসারত দিতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকদের। সয়াবিন কেনায় মার্কিন মুলুকের সবচেয়ে বড় ক্রেতা ছিল বেজিং। কিন্তু শুল্কযুদ্ধের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমিয়েছে চিন। ওয়াশিংটন থেকে মুখ ফিরিয়ে এখন ব্রাজিল থেকে সয়াবিন কেনা বাড়িয়েছে বেজিং। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিনের সয়াবিনের ৯০ শতাংশ এখন ব্রাজিল থেকে যাচ্ছে।
উল্লেখ্য, চিন বিশ্বের বৃহত্তম সয়াবিন আমদানিকারক দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে সয়াবিন আমদানি করে বেজিং। কিন্তু সম্প্রতি সেই আমদানির পরিমাণ এক ধাক্কায় অনেকটা কমেছে। আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের জন্য সয়াবিন আমদানির জন্য বরাতও দেওয়া হয়নি বেজিং এর তরফে। তবে সয়াবিন যে চিন কিনছে না এমনটা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বদলে ব্রাজিল থেকে সয়াবিন কেনার প্রক্রিয়া জোরকদমে চালাচ্ছে শি জিনপিং এর দেশ।
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে চিন সয়াবিন আমদানি কমিয়ে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টের উপর ক্ষুব্ধ সে দেশের কৃষকরা। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে মার্কিন কৃষকরা সমস্যার কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি চিঠি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘আমাদের সবচেয়ে বড় ক্রেতার সঙ্গে এ ভাবে বাণিজ্য বিরোধ চলতে থাকলে আমরা সঙ্কটে পড়ব।’ প্রসঙ্গত, ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের পণ্যেও একই হারে শুল্ক চাপানোর ঘোষণা করেছেন তিনি। ব্রিকস-গোষ্ঠীর সদস্য দেশগুলি ওয়াশিংটনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে বলে মত আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের।
