ওঙ্কার ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও ব্রাজিলের পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন। ঘটনাচক্রে দুটি দেশই ব্রিকস সদস্যভুক্ত। ট্রাম্পের এই শুল্ক কোপের আবহে ব্রিকস গোষ্ঠীর সদস্য দেশগুলি বৈঠকে বসতে চলেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লুলা দা সিলভা এই বৈঠকের ডাক দিয়েছেন। আগামী সোমবার ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ব্রিকসের ওই বৈঠকে মার্কিন শুল্ককোপ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ট্রাম্প যে ভাবে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন, তার মোকাবিলা করতে দেশগুলিকে এককাট্টা করতে চান লুলা। উল্লেখ্য, ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কারণের কথা তুলে ধরেছেন, তা হল রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির বাণিজ্য। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে শুল্ক কোপে পড়তে হয়েছে বলে জানিয়েছিল ওয়াশিংটন। পাশাপাশি ব্রাজিলের উপর ৫০ শতাংশ হারে শুল্ক চাপানোর পিছনে ট্রাম্প দাবি করেছিলেন, সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসেনারোর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানো। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ‘মিথ্যা অভিযোগে’ বোলসেনারোর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চালানো হচ্ছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে ‘ব্রিকস’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে। তখন পরিস্থিতি আলাদা ছিল। বর্তমানে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। সোমবার চিনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা সেরেছেন মোদী। কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও। সোমবার ‘ব্রিকস’-এর বৈঠক থেকে কী সিদ্ধান্ত নেয় দেশগুলি আপাতত সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।
