নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর ;
ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডল-এর বাড়িতে হানা দিল ইডি। জানা গেছে, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখেও ইডির আধিকারিকরা এই পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। সেদিন দীর্ঘক্ষণ ধরে বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্যও ডাকা হয়েছিল। তবে সূত্রের খবর, একাধিকবার নোটিস পাঠানো হলেও তিনি সেখানে হাজির হননি। এরই মধ্যে বুধবার সকালে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন। সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান চলছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, কী কারণে এই তল্লাশি এবং কোন মামলার সূত্রে তদন্ত চলছে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইডি।
