ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডে মেতে ওঠেন আমজনতা থেকে সেলেবরাও। তেমনই সমাজমাধ্যমে শুরু হয়েছে #২০১৬ অর্থাৎ ১০বছর আগের মুহুর্ত, ছবি, স্মৃতি শেয়ার করা। আর এই ট্রেন্ডে সামিল হতে দেখা গেল বলিউডের বহু তারকাদের। তালিকায় রয়েছেন অনেকেই।
#2016 হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ১০ বছর আগের স্মৃতি ও অভিজ্ঞতা শেয়ার করছেন অভিনেত্রী কারিশমা কাপুর। কারিশমা জানিয়েছেন যে ২০১৬ সালটি তার জন্য পরিবার, ফ্যাশন, বন্ধু এবং অনন্য অনুভূতির বছর ছিল। অভিনেত্রী সেই বছরের বেশ কিছু ছবি শেয়ার করেছেন।
তালিকায় রয়েছেন অভিনেত্রী বিপাশা বসু। অভিনেত্রী প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তাঁর পারিবারিক মুহূর্তগুলো শেয়ার করেন। এবার ইনস্টাগ্রামে #2016 ট্রেন্ড অনুসরণ করে অভিনেত্রী তাঁর ২০১৬ সালের সুন্দর স্মৃতিগুলো ভক্তদের কাছে এক বিশেষ উপায়ে তুলে ধরেছেন। সেই বছরটি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের জন্য বেশ বিশেষ ছিল। ২০১৬ সালে অভিনেত্রী বিয়ে করেছিলেন। তিনি এখন “২০১৬ সাল ছিল…” ক্যাপশন দিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেছেন বিপাশা।
একই ভাবে ২০১৬ সালের স্মৃতি ভাগ করে নিতে দেহা গিয়েছে ভুমি পাণ্ডেকরকে। সেই স্মৃতিগুলির মধ্যে ভূমি তার ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’-এর শুটিংয়ের ছবিও পোস্ট করেছেন, যেখানে তিনি অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন। ‘২০২৬ হলো নতুন ২০১৬’ এই ট্রেন্ড অনুসরণ করে ভূমি পোস্টটির সাথে একটি ক্যাপশনও লিখেছেন।
অন্যদিকে, তৃপ্তি দিমরি জানিয়েছেন, এই সময়েই তিনি মডেলিং শুরু করেছিলেন এবং তাঁর বড় বড় স্বপ্ন ছিল। সমাজমাধ্যমে পোস্ট করা ছবি গুলির মধ্যে প্রথম ছবিটিতে তৃপ্তিকে বাড়িতে একটি ডোরাকাটা ক্রপ টপ ও ডেনিম শর্টস পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। আরেকটি ছবি হলো একটি সাদাকালো ফটো কোলাজ, যেখানে তৃপ্তিকে ক্যামেরার সামনে বিভিন্ন অভিব্যক্তি দিতে দেখা যাচ্ছে।
অভিনেত্রী কাজল আগরওয়াল ২০১৬ সালের তার মূলমন্ত্রটি শেয়ার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন সেই সময় অভিনেত্রী ‘কঠোর পরিশ্রম করো, আরও বেশি করে পার্টি করো’ এই কথাটিতে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। কাজল জানিয়েছেন যে দশ বছর আগে তার জীবন ছিল দীর্ঘ কর্মদিবস, গভীর রাত জেগে থাকা, বড় স্বপ্ন তাড়া করা এবং যেন আগামীকাল বলে কিছু নেই তেমনভাবেই উপভোগ করেছেন।
অভিনেত্রী অনন্যা পান্ডে সম্প্রতি ২০১৬ সালের স্মৃতিচারণ করে অতীতে ফিরে গিয়েছিলেন। ইনস্টাগ্রামে একটি থ্রোব্যাক পোস্ট শেয়ার করে শাহরুখ খানের ছেলে আব্রামের সাথে মিষ্টি শৈশবের স্মৃতি থেকে শুরু করে নিজের তারকা ভাই আহান পান্ডেকে রাখি পরানো এবং একটি সিনেমার ক্ল্যাপবোর্ড হাতে ধরা পর্যন্ত বিভিন্ন মুহূর্তের কথা স্মরণ করে তিনি ২০১৬ সালকে তার হৃদয়ের খুব কাছের একটি সময় বলে উল্লেখ করেন।
একে একে অনেকেই এই ট্রেন্ডে যে গা ভাসিয়েছেন তা বলাই বাহুল্য। পুরনো স্মৃতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রীরা। বিশেষ বিশেষ মুহুর্ত গুলিই ভাগ করে নিয়েছেন সকলেই। ১০বছরের পুরনো স্মৃতিতে ফিরে গিয়েছেন অভিনেত্রীরা।
