ওঙ্কার ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর একটু সময় নিজের ও পরিবারের জন্যই রাখছেন বিরাট কোহলি। সম্প্রতি তিনি ও স্ত্রী অনুষ্কা শর্মা পৌঁছেছিলেন বৃন্দাবনে, যেখানে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়েছেন। সেই সফরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার তাঁদের ঘরে ফেরার মুহূর্তেও দেখা গেল।
সদ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে বিরাট ও অনুষ্কা অকায় ও ভামিকাকে নিয়ে বাড়ি ফিরেছেন। বাড়ির দরজায় অপেক্ষা করছিলেন অনুষ্কার মা। প্রথমেই তিনি জড়িয়ে ধরেন মেয়েকে, তারপর স্নেহে ভরিয়ে দেন তাঁর নাতিকে। ওদিকে ভাইকে কোলে তুলে আদর দিতে দেখে পাশে দাঁড়িয়ে ভামিকা দিদার মনোযোগ পাওয়ার জন্য টানতে থাকে তাঁর শাড়ির আঁচল।
এরপর দিদার কোলে পৌঁছায় ভামিকাও। দুই নাতি-নাতনিকে আদরে ভরিয়ে ঘরের ভিতরে নিয়ে যান অনুষ্কার মা। তবে যথারীতি ভিডিওতে মুখ ঢাকা ছিল অকায় ও ভামিকার। ইমোজি দিয়ে দুই শিশুর মুখ আড়াল করেছেন পরিবার। মুখ দেখা না গেলেও, এই আবেগঘন মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল। অনেকেই কমেন্ট করেছেন, “নজর না লাগে এই ভালবাসায়,” কেউ কেউ আবার দিয়েছেন শুধু হৃদয়ের ইমোজি। বিরাটের টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকেই তাঁকে প্রায় সবসময় অনুষ্কার সঙ্গে দেখা গেছে। এই সফরের মাঝেই মঙ্গলবার ইনস্টাগ্রামে এক বার্তাও দেন অনুষ্কা।
লিখেছিলেন, “ওরা রেকর্ড আর মাইলস্টোন নিয়ে কথা বলবে। আমি মনে রাখব সেই কান্নাগুলোর কথা, যেগুলো কেউ দেখেনি। সেই লড়াইগুলোর কথা, যেগুলো কেউ জানেনা। তোমার দেওয়া ভালবাসা মনে থাকবে, যা তুমি এই ফরম্যাটকে দিয়েছ। তাই বলব, তুমি এই বিদায়ের প্রতিটি মুহূর্ত অর্জন করেছ।”
