ওঙ্কার ডেস্ক: সমাজমাধ্যমে ফের অনুরাগীদের নতুন চমক দেব ও শুভশ্রীর। তাঁদের আগামী ছবি ‘দেশু ৭’ নিয়ে বড়সড় ঘোষণা সারলেন এদিন। টলিউডের ‘মেগাস্টার’ ও ‘লেডি সুপারস্টার’ একসঙ্গে এদিন তাঁদের আগামী ছবির অগ্রিম টিকিটের খোঁজ দিলেন। তাঁরা এদিন পোস্ট করে জানালেন ৫ ফেব্রুয়ারি ‘দেশু ৭’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। এই ঘোষণা যেমন দর্শককে উত্তেজিত করেছে, পাশাপাশি নজর কেড়েছে দেব-শুভশ্রীর নতুন এই পোস্টের ছবি। যে দুটি ছবি পোস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে দেব শুভশ্রীকে পিছন থেকে জড়িয়ে ধরে বসে আছেন। কিছুদিন আগে যে লাইভে এসেছিলেন ‘দেশু’ জুটি সেদিনের তোলা ছবিই দেখা গেল এদিন।
পোস্টের কিছুক্ষণেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে দেব-শুভশ্রীর ছবি। মন্তব্য বাক্স ভরে উঠেছে অনুরাগীদের উচ্ছ্বাস। কেউ কেউ লিখেছেন, ‘এটা কি স্বপ্ন নাকি সত্যি?’, একজন লেখেন, ‘মেড ফর ইচ আদার’।’ ২০২৬-এর এই পুজোয় আসছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির সাত নম্বর ছবি। যার হ্যাশট্যাগ অনেকদিন আগেই তৈরি হয়েছিল, #দেশু৭।
যদিও ছবির মূল বিষয়বস্তু নিয়ে এখনও তেমন কোনও আভাস দেননি দুজনে। ক’দিন আগে লাইভে এসে দেব ও শুভশ্রী দু’জনেই জানান তাঁদের আগামী ছবি কেমন হতে চলেছে। শুভশ্রীর কথায়, “একটু ঝাল-নুন-মিষ্টি থাকবে।” দেব বলেন, “দেশু ৭ রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলার ড্রামা।” নাম নিয়ে যদিও চিন্তাভাবনা চলছে। ১ বৈশাখে পুরো ছবির কাস্টিং নিয়ে ঘোষণা করব।” বর্তমানে সমাজমাধ্যমে পোস্ট করা ওই ছবি নিয়ে নানা মহলে চলছে নানান চর্চা।
