ওঙ্কার ডেস্ক: মুম্বই শহরে ফের আতঙ্ক। এবার নামী পরিচালক রোহিত শেট্টির বাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা প্রকাশ্যে এল। রবিবার ভোর নাগাদ মুম্বইয়ের জুহু এলাকায় রোহিত শেট্টির বাড়ির বাইরে পর পর চার রাউন্ড গুলি ছোড়া হয় বলে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই। ঘটনার সময় পরিচালক বাড়িতে ছিলেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে শহরের অভিজাত এলাকায়, এক তারকা পরিচালকের বাড়ির সামনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে। ঘটনার খবর পেয়ে দ্রুত তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। জুহুতে যে বহুতলে রোহিত শেট্টি থাকেন, তার আশপাশে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তদন্তকারীরা রোহিতের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করছেন। কী কারণে এই হামলা, বা এর নেপথ্যে কারা রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
বলিউডের অন্যতম সফল ও পরিচিত পরিচালকদের মধ্যে রোহিত শেট্টির নাম প্রথম সারিতেই আসে। সিনেমা পরিচালনার পাশাপাশি জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালনাতেও দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁর বাড়িতে হামলার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে পরিবার ও অনুরাগীমহলে। মায়ানগরীতে তারকাদের ওপরে হামলার ঘটনা নতুন নয়। ২০২৪ সালে অভিনেতা সলমন খানের বাড়িতেও একাধিক রাউন্ড গুলি চালায়। এই ঘটনার ধারাবাহিকতায় হুমকি দেওয়া হয় শাহরুখ খানকেও। তাঁর নিরাপত্তাও জোরদার করা হয়।
উল্লেখ্য, গত বছর বাড়িতেই হামলার শিকার হন অভিনেতা সইফ আলি খান। সইফ ও করিনা কপূর খানের ছোট ছেলেকেও আক্রমণের চেষ্টা করে এক দুষ্কৃতী। এই সব ঘটনার পরই রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার খবরে মুম্বইয়ে তারকাদের নিরাপত্তা নিয়ে ফের নতুন করে প্রশ্ন শুরু হয়েছে।
