ওঙ্কার ডেস্ক: ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা নাসিরুদ্দিন শাহ। অভিনেতা তাঁর সহকর্মীদের নিয়ে বিভিন্ন অকপট মন্তব্য করার জন্য প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন। বলিউডের নামজাদা তারকাদের নিয়ে অভিনেতার মন্তব্যগুলিও অতীতে বহুবার আলোচনা হয়েছে। সম্প্রতি তাঁর পুরনো এক সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলিউড তারকাদের অভিনয় প্রতিভা নিয়ে কথা বলেছেন।
প্রসঙ্গত, সেই সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলিউডের জনপ্রিয় তারকাদের সিনেমা দেখেন কিনা এবং তাঁদের অভিনয় নিয়ে তাঁর কি মতামত। এর উত্তরে নাসিরুদ্দিন অকপটে বলেন, “না, আমি তাঁদের সিনেমা দেখার চেষ্টাও করি না। আমি তাঁদের অনেকের সঙ্গেই কাজ করেছি, কিন্তু কেউই আমাকে সেভাবে মুগ্ধ করতে পারেননি। তবে একজনই অক্ষয় কুমার, যাকে আমি খুব প্রশংসা করি। কারণ কোনও গাইডেন্স, গডফাদার বা সমর্থন ছাড়াই তিনি নিজের জায়গা তৈরি করেছেন। আর এখন তাঁর অভিনয়ে দক্ষতার চিহ্ন দেখা যায়। এত দীর্ঘ সময় ধরে কাজ করার পর, তিনি একজন ভাল অভিনেতা হয়ে উঠেছেন।” পাশাপাশি অভিনেতাকে বলা হয়, শাহরুখ খানও কোনও ব্যাকগ্রাউন্ড ছাড়াই ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন। এই প্রসঙ্গে নাসিরুদ্দিন বলেন, “হ্যাঁ, এবং সেই কারণে শাহরুখের প্রতি আমার প্রচুর শ্রদ্ধা রয়েছে। কিন্তু একজন অভিনেতা হিসেবে তিনি বিরক্তিকর হয়ে উঠছেন।”
প্রসঙ্গত, নাসিরুদ্দিন শাহ অক্ষয় কুমার এবং শাহরুখ খান উভয়ের সঙ্গেই একাধিক ছবিতে কাজ করেছেন। ‘মোহরা’ অক্ষয়ের সঙ্গে তাঁর অন্যতম একটি ছবি। অন্যদিকে, শাহরুখ খানের সঙ্গে তিনি ‘কাভি হাঁ কাভি না’, ‘চমৎকার’ এবং ‘ম্যায় হুঁ না’ ছবিতে অভিনয় করেছেন তিনি। নতুন করে এই ভিডিও ভাইরাল হতেই সিনেমহলে শুরু হয়েছে জোর চর্চা।
