ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওতে ধর্ম বেছে জঙ্গিরা হামলা চালায়। নৃশংস হামলার প্রতিবাদে সরব হয়েছিলেন বি-টাউনের প্রায় সকলেই। নৃশংস এই ঘটনার কথা ভেবে রাতে ঘুমোতে পারছেন না বলেই দাবি করেছিলেন ভারতী সিং। জঙ্গি হামলার পালটা শুরু হয় অপারেশন সিঁদুর। তবে তারই মাঝে থাইল্যান্ডে ভারতী সিং। দেশের অশান্ত পরিস্থিতিতে থাইল্যান্ডে কেন? এই প্রশ্ন তুলে ছেঁকে ধরেন নেটিজেনদের একাংশ। কমেডিয়ানের দিকে সোশাল মিডিয়ায় ধেয়ে আসে কটাক্ষের ঝড়। অবশেষে নীরবতা ভাঙে ভ্লগে সমালোচনার জবাব দিলেন ভারতী।
ভারতী বলেন, “আমার শহর, দেশে অশান্তির আবহ। কিন্তু আমার পরিবার নিরাপদেই রয়েছে। আমার সরকার এবং দেশের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। কেউ দেশের কোনও ক্ষতি করতে পারবে না। যখন আমি আপনাদের কমেন্ট যখন পড়ি, আমি রেগে যাই না। ভারতীর দাবি, তিনি থাইল্যান্ডে কর্মসূত্রে গিয়েছিলেন। তিনি বলেন, “থাইল্যান্ডে ১০ দিনের শুটিং ছিল। যা কমপক্ষে ৩-৪ মাস আগে ঠিক হয়েছিল। শেষ মুহূর্তে শুটিং বাতিল পেশাদারিত্বের কাম্য নয়।”
ঠিক কী কী কথা তাঁকে বলা হয়েছে, সেকথা ভেবে ভ্লগের একেবারে শেষে আবেগতাড়িত হয়ে পড়েন ভারতী। বলেন, “আমি নানা কঠিন কথা শুনে ভেঙে পড়েছিলাম। কান্নাকাটিও করেছি। কিন্তু বলতে চাই, আমি আমার দেশ এবং সরকারের প্রতি বিশ্বাস করি। আর আমার পরিবার সব পরিস্থিতিতে আমার পাশে আছে। যেকোনও কঠিন পরিস্থিতিতে ওঁরা আমাকে আমার কাজে উৎসাহ দেয়।” তবে ভ্লগের একেবারে শেষে হাসিমুখেই দেখা যায় ভারতীকে।
