ওঙ্কার ডেস্ক: বুধ সন্ধ্যায় হায়দরাবাদের গ্র্যান্ড রিসেপশন হল রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার। সেই অনুষ্ঠানে রশ্মিকাকে দেখা গেল লাল সিল্কের শাড়ি, যার সরু কালো পাড়ে ছিল সুন্দর সোনালি জড়ির কাজ। নিখুঁত প্লিটে পরা শাড়িতে নজর কেড়েছে ঐতিহ্য ও আভিজাত্য। গয়নাতেও ছিল দক্ষিণী ঐতিহ্যের ছাপ। এদিন তাঁর গলায় দেখা গিয়েছে টেম্পল জুয়েলারি, লেয়ার্ড নেকলেস, কানে দুল, হাতে হাতপদ্ম। মাঝখানে সিঁথি কেটে বাঁধা চুলে ফুলের সাজ, কপালে ছোট্ট টিপ আর সিঁথিতে সিঁদুরের ছোঁয়া, সব মিলিয়ে নববধূর সাজে ছিল হালকা মেকআপ কিন্তু একগাল মিষ্টি হাসি। অতিথিদের হাসিমুখে স্বাগত জানাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
অন্যদিকে, বিয়ের দিন গয়নায় চমক ছিল বিজয়ের। তাঁর হাত ও পায়ে আলতা পরার নেপথ্যে লিঙ্গসম্যের বার্তা রয়েছে বলেও জল্পনা ছিল। রিসেপশনেও চমক বজায় রাখলেন তিনি। বিজয়ের পরনে ছিল ঘিয়ে রঙের ধুতি ও কুর্তা দক্ষিণ ভারতের শুভ অনুষ্ঠানের ঐতিহ্যবাহী পোশাক। জানা যাচ্ছে, নিজের মাতৃভূমির সংস্কৃতিকে তুলে ধরতেই এই সাজ বেছে নিয়েছেন তিনি। গ্র্যান্ড রিসেপশনে একে অপরের হাত ধরে প্রবেশ করেন নবদম্পতি। হাতজোড় করে নমস্কার জানান দু’জনে।
অতিথি তালিকাও ছিল চোখ ধাঁধানো। বলিউড ও দক্ষিণী ছবির বহু তারকাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। দেখা যায় করণ জোহর, কৃতী স্যানন ও নীনা গুপ্তাকে। দক্ষিণী তারকাদের উপস্থিতিতেও জমে ওঠে আসর। রাজনৈতিক মহলের মানুষেরাও বাদ যাননি। কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার নবদম্পতিকে আশীর্বাদ করেন। এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বিয়ের পর্ব সারেন বিজয়-রশ্মিকা। বিয়েতে রশ্মিকার পরনে ছিল সিঁদুরে লাল সিল্কের শাড়ি, সরু সোনালি পাড় ও জরির নকশা। বিজয় পরেছিলেন লাল উত্তরীয় ও সাদা সিল্কের ধুতি। মেহেন্দির বদলে হাত-পায়ে আলতা, সব মিলিয়ে জাকজমকভাবে সম্পন্ন হয়েছিল তাঁদের বিয়ে।
