ওঙ্কার ডেস্ক: চেক বাউন্স মামলায় আত্মসমর্পণ করলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। গত বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ আদালতে আত্মসমর্পণ করেছেন তিনি। বর্তমানে তিহাড় জেলই রয়েছেন অভিনেতা। আত্মসমর্পণের আগে মুখ খোলেন কৌতুক অভিনেতা। তিনি বলেন, “এই পৃথিবীতে কেউ কারও বন্ধু নয়। আর কোনও পথ আমার কাছে খোলা নেই।”
প্রসঙ্গত, ২০১৮ সালে এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা এবং তাঁর স্ত্রী। তারপর আবার ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা ছিল আদালতের। কিন্তু জানা গিয়েছে, টাকা শোধ করতে পারেননি অভিনেতা। ৯ কোটি টাকা এখনও বকেয়া রয়েছে তাঁর।
এই মামলায় দিল্লি হাই কোর্ট জানায় বুধবার বিকেল চারটের মধ্যে আত্মসমর্পণ করতে হবে রাজপালকে। সম্প্রতি মুম্বইয়ে কর্মসূত্রে ছিলেন অভিনেতা। তবে আদালতের নির্দেশ অনুযায়ী, দিল্লিতে গিয়ে আত্মসমর্পণ করেন। এর আগেও তিনদিন তিহাড় জেলেই থাকতে হয় তাঁকে। মাঝে জামিনে বেশ কয়েকদিন মুক্তিতে ছিলেন তিনি।
