ওঙ্কার ডেস্ক: শুটিং থেকে ফেরার পথে ভয়ঙ্কর কান্ডের সাক্ষী হলেন টলিউড অভিনেতা রণজয় বিষ্ণু। সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন সেই খবর। গাড়ি চালানোর একটি ভিডিও পোস্ট করেছেন রণজয়। সেখানে দেখা যাচ্ছে, তখনও ভোরের হালকা আলো। কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন তিনি। ভিডিওতে রণজয়ের গলার আওয়াজও শোনা যাচ্ছে। ভোরের কুয়াশার মধ্যে তাঁর গাড়ি চালানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন।
রণজয় বিষ্ণু ওই ভিডিওটির সঙ্গে লিখেছেন, ‘একটা ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম, আজকে রাতে শুট’এর পরে বাড়ি ফেরার সময় যেখানে ১০ ফুট দূরত্বে মানুষ দেখা যাচ্ছে না, কিভাবে যে আজকে ড্রাইভ করে বাড়ি ফিরেছি, আমি জানি আর ঈশ্বর জানেন, ঈশ্বরের অশেষ কৃপা আমরা সকলে সাবধানে বাড়ি ফিরতে পেরেছি কিন্তু এটা সত্যি খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা ছিল। আমি দীর্ঘদিন পাহাড়ে ড্রাইভ করেছি, রাত্রিবেলা পাহাড় থেকে নিচে নেমেছি, কুয়াশার মধ্যে গাড়ি চালিয়েছি, কিন্তু এইরকম ভয়ংকর অভিজ্ঞতা কোন সমতলে আমার আগে কোনদিন হয়নি, কখনো না। এই দিনটা আমার মনে থাকবে সারা জীবন খুবই ভয়ংকর অভিজ্ঞতা, যেকোনো সময় একটা গাড়ি যদি উল্টো দিক থেকে ভুল ভাবে চলে আসে, তাহলে বাঁচার কোন রাস্তা নেই।’ রণজয় ভিডিওতে জানান তিনি টেলি অ্যাকাডেমি স্টুডিওতে শুটিংয়ের কাজে গিয়েছিলেন। তাঁর বাড়ি ৩০ মিনিটের মতো দূরে সেই স্টুডিও। কিন্তু ভোরের আলো ফোটার আগে যে কুয়াশায় ঢেকে যাবে কলকাতার রাস্তা তা তিনি কল্পনাও করতে পারেননি।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে বিয়ে সেরেছেন রণজয়। বিয়ের পরেই এসেছে তাঁর নতুন কাজের খবর। অন্যদিকে, স্টার জলসার ধারাবাহিকে দেখা যেতে চলেছে প্রথমবার জুটি হিসেবে আসছেন রণজয়-অভিকা।
